মুখ খুলেছেন ম্যারাডোনা!
গেল বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে বিশাল ব্যবধানে হেরে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পরপরই কোচ ডিয়েগো ম্যারাডোনার বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। ম্যারাডোনার পর আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ম্যারাডোনারই সাবেক সতীর্থ সার্জিও বাতিস্তাকে। বাতিস্তার নিয়োগ কখনোই সহজভাবে মনে-প্রাণে মেনে নিতে পারেননি ম্যারাডানা। বছর না ঘুরতেই বাতিস্তাকে এক হাত নেওয়ার সুযোগ পেয়ে তা একদমই হাতছাড়া করেননি ম্যারাডোনা। বেশ শক্ত ভাষায়, তাচ্ছিল্যের সঙ্গেই তিনি বলেছেন, ‘কোপার এ ফলের পর বাতিস্তার ঘরে লুকিয়ে থাকা উচিত।’ দেশের মাঠে এ চরম ব্যর্থতার পর বাতিস্তা কেন এখনো জাতীয় দলের কোচের পদ ছেড়ে দিচ্ছেন না, তাও ম্যারাডোনার কাছে বোধগম্য নয়। তিনি বলেছেন, ‘যদি আমি কোচ হতাম, আর আমার কোচিংয়ে দল মাত্র একটা ম্যাচ জিতত, তাহলে অবশ্যই আমি পদত্যাগ করতাম, আমাকে বলতে হতো না।’কোচ বাতিস্তার পাশাপাশি কোপার ব্যর্থতার জন্য ম্যারাডোনা দুষেছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্রধান হুলিও গ্রান্দোনাকেও। তিনি বলেন, ‘আর্জেন্টাইন জাতীয় দল এ মুহূর্তে অনেক সমস্যার পাহাড় ডিঙ্গাচ্ছে। আর এসব সমস্যা তৈরি করেছে এ লোকটা—গ্রান্দোনা।’ম্যারাডোনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘এমন চলতে থাকলে মেসি, অ্যাগুেয়েরো, হিগুয়েইন, ডি মারিয়া, তেভেজের মতো খেলোয়াড়েরা ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার সব উৎসাহ হারিয়ে ফেলবে।’নিজের শিষ্যদের ছেড়ে থাকতে এখনো ম্যারাডোনার খুব কষ্ট হয়—এ কথা জানিয়েছেন তিনি অকপটেই। তিনি যে মেসি, হিগুয়েইনদের মিস করেন তা বোঝা যায় তাঁর একটি কথাতেই, ‘আমি কোপার খেলা বেশি দেখিনি। আমার জন্য এটা খুব কষ্টকর একটা অনুভূতি। ওদের মাঠে খেলতে দেখলেই আমার ভেতরটা কেমন যেন করতে থাকে।’ ম্যারাডোনা এ মুহূর্তে আর্জেন্টাইন ফুটবল নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘সাফল্য না পেতে পেতে ভালো খেলোয়াড়েরা এ দলে খেলার ব্যাপারে নির্লিপ্ত হয়ে পড়তে পারে। যেটা আর্জেন্টাইন ফুটবলের জন্য ভালো লক্ষণ নয়।’গ্রান্দোনা সম্পর্কে ম্যারাডোনা বলেন, ‘যে লোকটা বুঝতেই পারছে না যে সে দেশের ফুটবলের কী ক্ষতি করছে, তার সম্পর্কে আমি আর কী বলব! কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতাই তো গ্রান্দোনার নেই।’প্রস্তাব পেলে আবার আর্জেন্টিনার কোচ হবেন কি না, এমন প্রশ্নের উত্তরে রসিকতা করে ম্যারাডোনা বলেছেন, ‘আমি দুবাইয়ে একটা চাকরি পেয়েছি। ওই জায়গাটা আর্জেন্টিনার থেকে অনেক দূরে। সেখান থেকে খুব সহজে আসা যায় না।’ ওয়েবসাইট।