মুখ বন্ধ রাখাই ভালো আফ্রিদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই আলোচনার বিষয় হচ্ছেন আফ্রিদি। ছবি: এএফপি
মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই আলোচনার বিষয় হচ্ছেন আফ্রিদি। ছবি: এএফপি

অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মুখে কুলুপ এঁটে বসে থাকা উচিত শহীদ আফ্রিদির। যেভাবে একের পর এক ‘কথার বোমা’ ফাটাচ্ছেন তাতে কিছুদিন একটু আড়ালে থাকাই ভালো তাঁর জন্য। ভারতে পৌঁছেই খেপিয়ে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেট-প্রেমীদের। সমালোচনার ঝড় এখনো থামেনি ভালো করে, তার আগে খেপিয়ে দিলেন ভারতীয়দেরও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েই প্রথম বোমা ফাটিয়েছিলেন। ভারতের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেই ফেললেন, ভারতে যতটা ভালোবাসা পান, পাকিস্তানেও এত ভালোবাসা পান না তাঁরা। কাল আবারও জড়ালেন বিতর্কে। মোহালিতে নিউজিল্যান্ড ম্যাচে কেন উইলিয়ামসনের সঙ্গে টস করতে নামলেন আফ্রিদি। আফ্রিদিকে দেখেই গ্যালারিতে থাকা পাকিস্তান সমর্থকদের উল্লাস বেড়ে গেল। সেদিকে ইঙ্গিত করে ধারাভাষ্যকার রমিজ রাজা বলেই বসলেন, ‘এখানে তোমাদের অনেক ভক্ত দেখা যাচ্ছে।’ সমর্থকদের এমন ভালোবাসায় মুগ্ধ আফ্রিদি সহাস্য জবাব, ‘হ্যাঁ, সবাই আমাদের সমর্থন দিচ্ছেন। আমি কলকাতার লোকদেরও ধন্যবাদ দিতে চাই। তারাও আমাদের অনেক সমর্থন দিয়েছিল।’ এখানে থামলেই চলত, আফ্রিদি হুট করে বলে বসলেন, ‘এই সমর্থকদের অনেকেই এসেছেন কাশ্মীর থেকে!’
কাশ্মীর ইস্যু বনিয়ে এমনিতেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারতের অংশ হয়ে পাকিস্তানকে কাশ্মীরের সমর্থন নিয়েও অনেক আলোচনা হয়েছে। এর মাঝে আফ্রিদির এমন মন্তব্য! বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর একেবারেই মেনে নিতে পারেননি ব্যাপারটি, ‘এ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে ঠিক না। খেলোয়াড়দের এসব থেকে দূরে থাকা উচিত। এ জন্যই পাকিস্তানে ওর এত সমালোচনা হয়!’
কাশ্মীর নিয়ে বলতে গিয়ে তো ভারতের কাছ থেকে পাওয়া বেশি ভালোবাসা কমে গেল আফ্রিদির? আইবিএন।