ভাগ্য আবারও আইভরিকোস্ট ও সেনেগালকে দাঁড় করিয়ে দিল মুখোমুখি। গত বছর আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে প্লে-অফ খেলা পশ্চিম আফ্রিকান দেশ দুটি প্রতিদ্বন্দ্বী এবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফেও। দর্শক হাঙ্গামায় নেশনস কাপের দ্বিতীয় লেগে ডাকারের ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। প্রথম লেগে ৪-২ গোলে পরাজিত সেনেগাল দ্বিতীয় লেগে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরই সেনেগালিজ দর্শকের দাঙ্গা শুরু। সেই দাঙ্গার জেরেই বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে নিজেদের মাঠে খেলতে পারেনি সেনেগাল।
কাল কায়রোয় হওয়া ড্রতেই নির্ধারিত হয়েছে আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত পর্বের প্লে-অফে কে কোন দলকে পাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপের সুবাস পাওয়া ইথিওপিয়া খেলবে সুপার ইগল নাইজেরিয়ার সঙ্গে, কেপভার্দের বদলে সুযোগ পাওয়া তিউনিসিয়া মুখোমুখি ক্যামেরুনের, ঘানার প্রতিদ্বন্দ্বী মিসর এবং বুরকিনা ফাসো পেয়েছে আলজেরিয়াকে।
তিন পর্বের আফ্রিকান বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ১০টি গ্রুপ চ্যাম্পিয়ন সুযোগ পেয়েছে প্লে-অফে। দুই লেগের প্লে-অফে জয়ী পাঁচটি দলই পাবে ব্রাজিলের টিকিট। প্রথম লেগের খেলা ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে ও দ্বিতীয় লেগ হবে ১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে। তবে এখনো ম্যাচের ভেন্যু ও তারিখ নির্ধারিত হয়নি। তবে ভেন্যু ও তারিখ ঠিক করার জন্য ১০টি দেশকেই আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। এএফপি, রয়টার্স।
আইভরিকোস্ট - সেনেগাল
ইথিওপিয়া - নাইজেরিয়া
তিউনিসিয়া - ক্যামেরুন
ঘানা - মিসর
বুরকিনা ফাসো - আলজেরিয়া
প্রথম লেগ: ১১-১৫ অক্টোবর
দ্বিতীয় লেগ: ১৫-১৯ নভেম্বর
বিজয়ীরা সুযোগ পাবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে