মুখোমুখি আলফাজ-আমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের ঠিক কতগুলো ফাইনালে খেলেছেন, মনে করতে পারলেন না আমিনুল হক। শেখ জামাল গোলরক্ষকের মনে না থাকলেও ঠিকই এটি মনে রেখেছেন বিজেএমসির স্ট্রাইকার আলফাজ আহমেদ। বললেন, ‘দুইবার মোহামেডানের হয়ে ফাইনালে খেলেছি। একবার আবাহনীর জার্সি গায়ে।’ ঘরোয়া ফুটবলের বড় দুই তারকা, জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আজ মুখোমুখি ফেডারেশন কাপের ফাইনালে। এঁদের দুজনকে এই ফাইনালটা মেলাচ্ছে অন্য দিক দিয়েও। গত মৌসুমে নবাগত দল শেখ জামাল ধানমন্ডি খেলতে এসেই উঠে যায় ফেডারেশন কাপের ফাইনালে, এটি তাদের টানা দ্বিতীয় ফাইনাল। এবার ফুটবলে ‘পুনর্জন্ম’ নিয়ে বিজেএমসিও উঠল ফাইনালে। তবে প্রথমবার শেখ জামাল যেটা পারেনি, আজ সেটাই করে দেখানোর প্রতিজ্ঞা তাদের। কিন্তু বিজেএমসি মাত করতে চায় প্রথমবারেই। বয়স ৩৭। কিন্তু এখনও দারুণ খেলে চলেছেন আলফাজ। শেখ জামাল অধিনায়ক আমিনুলের কণ্ঠেও ঝরল এই লড়াকু আলফাজের প্রশংসা, ‘আমি জাতীয় দলে ঢুকেই অধিনায়ক হিসেবে উনাকে পেয়েছি। এই বয়সেও উনি যা খেলছেন, অবিশ্বাস্য।’ তবে আজকের প্রতিপক্ষ স্ট্রাইকার আলফাজকে নিয়ে না ভেবে আমিনুল ভাবছেন নিজের দল নিয়ে, ‘আমাদের লক্ষ্য জয়। প্রতিটি খেলোয়াড়ই প্রতিশ্রুতিবদ্ধ। চ্যাম্পিয়ন হয়েই আমরা মাঠ ছাড়তে চাই।’ আলফাজের মধ্যেও আমিনুল-ভীতি দেখা যাচ্ছে না, ‘সন্দেহ নেই, ও বাংলাদেশের সেরা গোলকিপার। অনেক দিন জাতীয় দলে খেলেছে। অভিজ্ঞ। তবে এসব নিয়ে ভাবাভাবির কিছু নেই। ভালো গোলকিপারও তো গোল খায়।’ দুই দল এই মৌসুমে একবার মুখোমুখি হয়েছিল। তবে সেটি ছিল প্রীতি ম্যাচ, আর তাতে শেখ জামাল জিতেছিল ২-১-এ। তবে ওটিকে ধর্তব্যেই আনছেন না শেখ জামালের কোচ সাইফুল বারী (টিটো), ‘ওই ম্যাচটা খেলেছিলাম নেপালে পোখরা কাপ খেলতে যাওয়ার আগে। তখন ওদের মাত্র দুজন বিদেশি খেলেছিল। এখন পুরোটাই অন্য রকম দল।’ ফেডারেশন কাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বিজেএমসি। ওটাই কোচ জাকারিয়া বাবুর সাহসের জায়গা, ‘আমরা গত কয়েকটি ম্যাচই ধারবাহিকভাবে ভালো খেলেছি। ফাইনালটাও আমাদের কাছে অন্য আট-দশটা ম্যাচের মতো।’ ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠের একপাশের গ্যালারিতে কিছু দর্শক জড়ো হয়ে গেল বিজেএমসির অনুশীলন দেখতে। ড্রামের তালে তালে রোভার স্কাউটের ছেলেরাও তা দেখছিল ঘাড় ঘুরিয়ে। দলের অনুশীলনের মাঝপথে এলেন ম্যানেজার আরিফ খান (জয়)। সুনির্দিষ্ট তিনটি নিয়ম ভঙ্গের দায়ে পরশু ফুটবল ফেডারেশন এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তাঁকে। কিন্তু এই শাস্তি মানতে পারছেন না আরিফ। বিজেএমসি ফাইনাল খেলবে না বলে হুমকি দিয়েছেন তিনি। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী অবশ্য এই হুমকিকে পাত্তা দিচ্ছেন না, ‘এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে না। করা হলে দলগুলোও এটিকে উদাহরণ হিসেবে নেবে এবং পরে সুযোগটা নিতে চাইবে।’ তাহলে কি শেখ জামাল ওয়াকওভার পাবে? আরিফ খানের উত্তর, ‘আগামীকাল (আজ) দুপুরে আমরা পাট ও বস্ত্রমন্ত্রীর সঙ্গে এটি নিয়ে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটাই হবে।’