মুখোমুখি ইতালি-জার্মানি
এই দুই দলের দ্বৈরথে ইতালি অনেক এগিয়ে। ৩০ ম্যাচের ১৪টিতেই জয়, পরাজয় মাত্র ৭টিতে। জার্মানদের জন্য আরও অস্বস্তিকর তথ্য, গত ১৭ বছরে ইতালিয়ানদের হারাতে পারেনি তারা। বিশ্বকাপ কিংবা ইউরোর মতো বড় টুর্নামেন্টে সাতবার খেলেও ইতালিকে একবারও হারাতে পারেনি জার্মানি। উল্টো কয়েকটি হার এখনো জার্মানদের কাছে দুঃসহ স্মৃতি। ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে অতিরিক্ত সময় খেলে জার্মানি হেরেছিল ৪-৩ গোলে। ১৯৮২ বিশ্বকাপের ফাইনালে ৩-১ গোলে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল জার্মানি। ২০০৬ বিশ্বকাপের স্মৃতিটা তো এখনো ভোলার নয় শোয়েনস্টাইগারদের। অতিরিক্ত সময়ের অন্তিমলগ্নে দুই গোল খেয়ে সেমিতেই বিদায় নিতে হয়েছিল জার্মানদের। অতীত ইতিহাস যা-ই বলুক, সাম্প্রতিক ফর্ম প্রেরণা হতে পারে জার্মানির। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর প্রতিযোগিতামূলক টানা ১৫ ম্যাচে জিতেছে তারা। এই ১৫ ম্যাচে জার্মানির দুজন স্ট্রাইকারই করেছেন ১৯ গোল। মিরোস্লাভ ক্লোসা ১০টি ও মারিও গোমেজ ৯টি। গোল করার দিক থেকে অনেকটা উল্টো অবস্থানে ইতালি। চলতি ইউরোর শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়ী ইতালি তাদের সর্বশেষ ৭ ম্যাচে গোল করেছে মাত্র ৪টি। আঁটসাঁট রক্ষণের জন্য পরিচিত ইতালি চলতি ইউরোতেও তাদের সুনাম ধরে রেখেছে। গত চার ম্যাচে দলের রক্ষণব্যূহ ভেদ করে ইতালির জালে বল জড়িয়েছে মাত্র দুবার (গোলদাতা স্পেনের সেস ফ্যাব্রিগাস ও ক্রোয়েশিয়ার মারিও মান্দজুকিচ)।