মুখোমুখি কোবি ব্রায়ান্টের ভক্তরা
কখনো শার্লক হোমস পড়েছেন? আর্থার কোনান ডয়েলের দুঁদে গোয়েন্দা চরিত্রের প্রসঙ্গ তুলতেই রেগিল্যান্ড হোমসের মুখে ছড়াল হাসি, ‘গল্পের বই পড়ার অভ্যাস খুব একটা নেই।’ পদবি হোমস হলেও শার্লক হোমসে কোনো আগ্রহ নেই। রেগিল্যান্ডের প্রিয় বিষয় একটাই—বাস্কেটবল। রেগি নামেই সবাই ডাকে। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। যুক্তরাষ্ট্রের ডি লিগের দলে খেলা রেগির গায়ে এবার দ্য গ্রেগারিয়াসের জার্সি।
শুধু রেগিই নন, যুক্তরাষ্ট্রের উইলিয়াম ওয়াকার এবং বাহামার জারাউন বুরোসও এসেছেন গ্রেগরিয়াসের হয়ে খেলতে। পেশাদার এই খেলোয়াড়েরা আজ শিরোপার জন্য লড়বেন ইউরোপা ইয়ুথের বিপক্ষে। দুই দলেরই ৭টি করে জয়। আজকের ম্যাচটি তাই অলিখিত ‘ফাইনাল’।
বাংলাদেশের বাস্কেটবল সম্পর্কে পূর্বধারণা না থাকলেও এখানে এসে সবাই বেশ উপভোগ করছেন খেলা। বুরোস সর্বশেষ খেলেছেন সুইজারল্যান্ডের বাসেলের দল স্টার উইংসে। স্প্রিন্টারের দেশে জন্ম হলেও ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার বুরোস ছোটবেলা থেকেই পছন্দ করেন বাস্কেটবল। এ মুহূর্তে কোনো খেলাধুলা নেই, ছুটি কাটাচ্ছিলেন। এজেন্টের মাধ্যমে প্রস্তাব পেয়েই তাই ঢাকায় আসার সিদ্ধান্ত নেন বুরোস। ২৭ বছর বয়সী বুরোসের প্রিয় খেলোয়াড় কোবি ব্রায়ান্ট। শুধু বুরোসই নয়, ওয়াকার এবং রেগিরও ফেবারিট একজনই—লস অ্যাঞ্জেলেস লেকার্সের তারকা ব্রায়ান্ট।
আজকের ম্যাচে দুই দলেরই বড় ভরসা বিদেশিরা। গ্রেগারিয়াসের মতো ইউরোপা ইয়ুথেও আছেন যুক্তরাষ্ট্রের তিন খেলোয়াড়—জেরোম জেমস, শায়ানে মুর ও ইভস সেইন্টলো। এনবিএতে খেলা জেমসের কাছে টাকাটা মুখ্য নয়, ‘শুধু টাকার জন্য আসিনি। বাংলাদেশে এসেছি বাস্কেটবলের দূত হয়ে।’ জেমস নিজেও কোবি ব্রায়ান্টের ভক্ত। লিগটা উপভোগ করছেন জানিয়ে বললেন, ‘সুযোগ পেলে আবারও আসব।’
দুই দলের ছয় বিদেশির লড়াইটা ভালোই জমবে আজ।