মুখোমুখি ক্যাপেলো-লো
ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর ৬৪তম জন্মদিন ছিল ১৮ জুন। জন্মদিনটা খুব একটা ভালো কাটেনি ক্যাপেলোর। আলজেরিয়ার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্রয়ের পর জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার বদলে সমালোচনার চাপই সামলাতে হয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল এই কোচকে। ২০০৮ সালে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর তত্ত্বাবধানে ইংল্যান্ড ২৭ বার মাঠে নেমে জিতেছে ১৯টি ম্যাচ। হেরেছে মাত্র চারটিতে। স্পেন ও ইতালির বিভিন্ন ক্লাবের হয়ে নয়বার জিতেয়েছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ডাগআউটে ক্যাপেলোকে উত্তেজিত হতে দেখা যায় খুব কমই। থুতনিতে হাত বুলাতে বুলাতে নতুন কৌশলের পরিকল্পনা করেন ইংল্যান্ড কোচ। ক্যাপেলোই সম্ভবত একমাত্র কোচ, যিনি বিমূর্ত শিল্পকর্মের সঙ্গে সুন্দর ফুটবলের তুলনা করতে পারেন। বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহ করা ক্যাপেলোর নেশা। এখন তাঁর সংগ্রহে আছে প্রায় ১০ মিলিয়ন ইউরো মূল্যমানের শিল্পকর্ম।ডাগআউটে জার্মানির কোচ জোয়াকিম লোকে দেখা যায়, চমত্কার পোশাক পরে শান্ত পায়ে পায়চারি করতে। জোয়াকিম লোর তত্ত্বাবধানে জার্মানি মাঠে নেমেছে ৫২ বার। জিতেছে ২৮টি ম্যাচ। হেরেছে আটটিতে। জার্মানির কোচ হিসেবে জোয়াকিম লোর আগে দেখা গেছে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রুডি ভোলার, ইয়ুর্গেন ক্লিন্সম্যানদের মতো জার্মানির সব কিংবদন্তি খেলোয়াড়দের। ২০০৬ বিশ্বকাপে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন জোয়াকিম লো। কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর জার্মানির খেলার ধরনটাকে পুরোপুরি পাল্টে দেন তিনি। লো শিষ্যদের উদ্বুদ্ধ করেন অনেক আক্রমণাত্মক খেলতে। জার্মানির এই আক্রমণাত্মক মনোভাব নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।আজ মুখোমুখি হবে ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড আর জোয়াকিম লোর জার্মানি। ইউরোপের এই দুই পরাশক্তির লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে ফুটবলপ্রেমীরা। ক্যাপেলো না লো-কে হাসবেন শেষ হাসি এটাই এখন দেখার বিষয়।