মুখোমুখি টেন্ডুলকার সাকলায়েন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকলায়েন মুশতাক
সাকলায়েন মুশতাক

খেলোয়াড়ি জীবনে দুজনের লড়াইটা ছিল জমজমাট। ১৯৯৯ সালের চেন্নাই টেস্টের কথা কে ভুলতে পারে! দ্বিতীয় ইনিংসে সাকলায়েন মুশতাকের এক ওভারে পাঁচটি চার মেরেছিলেন শচীন টেন্ডুলকার। পরে ১৩৬ রানে টেন্ডুলকারকে দুসরার ফাঁদে ফেলে পাকিস্তানকে স্মরণীয় এক জয়ের পথে এগিয়ে দিয়েছিলেন সাকলায়েন। দুজনের সেরা সময়ে এমন দারুণ কিছু দ্বৈরথ দেখেছে ক্রিকেট। ২০০৪ সালে সাকলায়েনের অবসরে থেমে গেছে সেই লড়াই। তবে নয় বছর পর আবার মুখোমুখি দুজন!
না, সাকলায়েন আবার ক্রিকেটে ফিরে আসেননি। লড়াইটাও এবার তাই সরাসরি নয়, পরোক্ষ। টেন্ডুলকারের ২০০তম টেস্ট দেশের মাটিতে আয়োজন করতে ক্রিকেট কূটনীতির ধার না ধেরে সূচি বদলে ফেলেছে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরকে অনিশ্চিত করে দেশের মাটিতে ডেকে আনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চলছে নানা আয়োজন। হাজার মাইল দূরে আবার এই সব আয়োজনকে বর্ণহীন করার আয়োজন করছেন সাকলায়েন। পাকিস্তানি স্পিন গ্রেট এখন বারবাডোজে, কাজ করছেন ক্যারিবিয়ান স্পিনারদের নিয়ে। সেখানেই নতুন শিষ্যদের ছক কেটে দিচ্ছেন টেন্ডুলকার-বধের।
১৯৯৯ সালের ওই চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেই টেন্ডুলকারকে শূন্য রানে ফিরিয়েছিলেন সাকলায়েন। আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারকে আউট করেছেন পাঁচবার। ব্যাটিং জিনিয়াসের সেরা সময়েও ভুগিয়েছেন অনেক। টোটকাটা তাই ভালোই জানা আছে সাকলায়েনের। সেসবই উজাড় করে দিচ্ছেন নারাইন-শিলিংফোর্ড-বিশু-নার্সদের, ‘তার শরীরী ভাষা পড়তে হবে এবং ধৈর্য ধরতে হবে। তাকে ভালোভাবে বুঝতে হবে। শচীনকে বোলিং করার সময় তাকে শট খেলার সুযোগ করে দিতে হবে, এরপর সেটাকে কাজে লাগাতে হবে। এই স্পিনারদের আমি এসবই বলব।’
ওই ১৯৯৯ সিরিজে দুই টেস্টে ২০ উইকেট নিয়ে সিরিজ-সেরা হয়েছিলেন সাকলায়েন। তবে টেন্ডুলকার-আজহার-সৌরভদের হাতে মারও কম খাননি। সেই অভিজ্ঞতা থেকেই সাকলায়েনের উপলব্ধি, ‘ভারত সফর করা সব সময়ই যেকোনো দলের জন্য কঠিন। এবার টেন্ডুলকার ২০০তম টেস্ট খেলবে, বোলারদের ওপর তাই বাড়তি চাপ থাকবে। আমি আমাদের স্পিনারদের (ক্যারিবিয়ান স্পিনার) বলছি, এই সবকিছুই মাথায় রাখতে।’
অন্যদের থেকে টেন্ডুলকার কেন আলাদা, এই ব্যাখ্যায় পুরোনো কথাটিই আরেকবার বললেন ৪৯ টেস্টে ২০৮ ও ১৬৯ ওয়ানডেতে ২৮৮ উইকেট নেওয়া স্পিনার, ‘যে বলই করুন না কেন, ও নিশ্চিত ঠিকঠাক পড়ে ফেলে।’ এই দৃষ্টিশক্তি সাধারণের পর্যায়ে নেমে আসার প্রমাণ মিলেছে গত কিছুদিনে, কমে গেছে রিফ্লেক্স। তবে গোধূলিবেলায় টেন্ডুলকার নিশ্চয়ই চাইবেন আরেকবার সেরা সময়কে কিছুটা হলেও ফিরিয়ে আনতে! সাকলায়েনের টোটকার সঙ্গে টেন্ডুলকারের জ্বলে ওঠার চেষ্টা—সম্ভাবনা আবার সেই জমজমাট লড়াইয়ের! ওয়েবসাইট।