মুখোমুখি তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা
ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা

চাইলে দুজনকে এক ফ্রেমে বাঁধা যায় অনেক জায়গাতেই। দুজনই বেশ আমুদে চরিত্র। ড্রেসিংরুম আর অনুশীলনে দুষ্টুমিতে জুড়ি নেই। বেশ ফ্যাশনসচেতনও। হাতে ট্যাটু, কানে দুল, গলায় বাহারি চেইন-লকেট। চুল নিয়েও নানা সময়ে বিস্তর গবেষণা আর পরীক্ষা-নিরীক্ষা করেছেন দুজনই। দুজনেরই দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হয়েছে, অভিযোগ উঠেছে দেশকে উপেক্ষা করে টি-টোয়েন্টি মধু আহরণে ছোটার। দেশকে উৎসবের উপলক্ষও আবার এনে দিয়েছেন দুজন বারবার। তবে ক্ষেত্রটা যখন ওই টি-টোয়েন্টি, দুজন তখনই এক ফ্রেমে সবচেয়ে মানানসই। ক্রিস গেইল আর লাসিথ মালিঙ্গা—দুজনই টি-টোয়েন্টির মুখ!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের চেয়ে বেশি রান করেছেন ৮ জন। মালিঙ্গার চেয়ে বেশি উইকেট নিয়েছেন ৫ জন। তবুও টি-টোয়েন্টির মুখ এই দুজনই। সেটাও মোটামুটি সর্বজনস্বীকৃত। ক্রিকেট মানেই তো শুধু রান আর উইকেটসংখ্যা নয়। রান আর উইকেটগুলো কীভাবে, কোন পরিস্থিতিতে এল, এসব পারিপার্শ্বিকতাও ভীষণ গুরুত্বপূর্ণ। এসব বিচারেই বাকিদের ছাড়িয়ে গেইল-মালিঙ্গা। একা ম্যাচ জেতাতে বা মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে জুড়ি নেই দুজনেরই। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। মুখোমুখি তাই টি-টোয়েন্টির দুই মুখও।
এই বিশ্বকাপ এখন পর্যন্ত খুব ভালো কাটেনি দুজনের কারও। একেবারে নিষ্প্রভ অবশ্যই নন কেউই। গেইল প্রথম ম্যাচে করেছেন ৩৪, পরের ম্যাচে ৪৮। কিন্তু স্ট্রাইক রেট যদি হয় এক শ ঘেঁষা, তাহলে আর তিনি গেইল কেন! পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেই কেবল ছিলেন স্বরূপে (৩৫ বলে ৫৩), পাকিস্তানের বিপক্ষে স্টাম্পড ৫ রানে। মালিঙ্গা প্রথম দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেট মাত্র একটি পেলেও শেষের দিকে টেনে ধরেছিলেন রানের রাশ। পরের ম্যাচে ডাচদের বিপক্ষে ২ ওভার করেই ২ উইকেট। কিন্তু পরের দুই ম্যাচে আর উইকেটই নেই। তার পরও নিশ্চিত ধরে রাখতে পারেন, কাল ওয়েস্ট ইন্ডিজের টিম মিটিংয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মালিঙ্গাকে নিয়েই। লঙ্কানদের টিম মিটিংয়ের অনেকটা জুড়ে যেমন নিশ্চিত ছিলেন গেইল!
একজন ওপেনার, আরেকজন পেসার। মুখোমুখি লড়াইয়ের মঞ্চও তাই প্রস্তুত। তবে মালিঙ্গাকে যেভাবে ব্যবহার করে শ্রীলঙ্কা, তাতে মুখোমুখি লড়াই না হওয়ার সম্ভাবনাও প্রবল। কিংবা হলেও হয়তো খুব দীর্ঘস্থায়ী হবে না। সাধারণ নতুন বলে ১ ওভার বোলিং করেন মালিঙ্গা। পরে মাঝে কখনো এক ওভার করেন, শেষে দুটি কিংবা টানা তিনটি করেন শেষে। আর গেইলের তো আর সেই স্লগ ওভার পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি নেই! আবার কে জানে, গেইল দাঁড়িয়ে গেলে তাঁকে সরাতে বদলেও যেতে পারে মালিঙ্গার ভূমিকা।
মুখোমুখি লড়াই হলে সেটি দারুণ রোমাঞ্চকর হবে সন্দেহ নেই। তবে মুখোমুখি না হলেও রোমাঞ্চের অভাব হওয়ার কথা নয়। ব্যাটিং স্টান্স নেওয়া গেইল বা বল হাতে ছুটতে থাকা মালিঙ্গাকে দেখা মানেই গ্যালারিতে কৌতূহলী অপেক্ষা, টিভি পর্দায় আটকে থাকা কোটি চোখ। প্রতি মুহূর্তেই কিছু একটা হওয়ার সম্ভাবনা, শঙ্কা-আশা!
দুজনের সাফল্য-ব্যর্থতার ওপর অনেকটা নির্ভর করে দলের জয়-পরাজয়ও। টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ লড়াইটির কথাই ভাবুন। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রেমাদাসার ফাইনালের স্মারক হয়ে আছে মালিঙ্গার আশ্চর্য ব্যর্থতা। মালিঙ্গার চার বল খেলে সেদিন ২ রান করেছিলেন গেইল। আউট হয়েছিলন ৩ রান করেই। কিন্তু মালিঙ্গার ব্যর্থতা পরে ছাপিয়ে গিয়েছিল সেটিকেও। মারলন স্যামুয়েলসের প্রহারে সেদিন ৫ ছক্কা হজম করে শেষ ৩ ওভারে মালিঙ্গা গুনেছিলেন ৫০ রান। সেই ধাক্কা আর পরে সামলাতে পারেনি লঙ্কানরা। সেদিন ৪ ওভারে দেওয়া ৫৪ এখনো মালিঙ্গার সবচেয়ে খরুচে বোলিং। এই টুর্নামেন্টের কথাই ভাবুন। শ্রীলঙ্কা একটি ম্যাচ হেরেছে সেদিনই, যেদিন ৪ ওভারে ৩১ দিয়ে উইকেটশূন্য ছিলেন মালিঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ এখন আর ততটা গেইলনির্ভর দল নয়। তবে ছন্দে থাকলে জেতানোর জন্য তিনি একাই যথেষ্ট। একটি ‘গেইলীয়’ ইনিংস বোলিংয়ের পাশাপাশি ধ্বংস করে দেয় প্রতিপক্ষের মনোবলও।
ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা আজ সম্ভাবনা আর শঙ্কা নিয়ে অপেক্ষায়। বাকি ক্রিকেট-বিশ্ব? রোমাঞ্চের অপেক্ষায়।