
সম্মুখ সমরেও অনেক সময় খণ্ডযুদ্ধ হয়। লড়াইয়ের মধ্যেই হতে পারে খণ্ডলড়াই। হয়তো আর্জেন্টিনা-বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে সে রকম একটা খণ্ডলড়াই-ই ঠিক করে দেবে ম্যাচের ভাগ্য। লিওনেল মেসি ও থিবো কোর্তোয়ার দ্বৈরথের ওপর তো অনেক কিছুই নির্ভর করছে!
এবারের বিশ্বকাপে মেসি বলতে গেলে একাই টেনে নিয়ে যাচ্ছেন আর্জেন্টিনাকে। এখন পর্যন্ত ভালোয় ভালোয় পার পেয়ে গেছে আর্জেন্টিনা, কিন্তু সামনে কি পারবে? ড্রয়ের পর পরপই বোঝা গিয়েছিল, শেষ আটে বেলজিয়ামই সম্ভাব্য প্রতিপক্ষ। ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে ডিয়েগো ম্যারাডোনা যেমন বেলজিয়ামকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছিলেন, এবার মেসির সামনেও সুযোগ পূর্বসূরির কীর্তি পুনরাবৃত্তি করার।
কিন্তু তার আগে পার হতে হবে কোর্তোয়া-প্রাচীর। এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কোর্তোয়া যেমন খেলেছেন, সেটা ধরে রাখতে পারলে দ্বৈরথটা রোমাঞ্চই ছড়ানোর কথা। দলকে লা লিগা জেতানোর পথে হয়েছেন সেরা গোলরক্ষক। ‘গোলপোস্টের মেসি’ হয়তো এখনো হয়ে উঠতে পারেননি, তবে কোর্তোয়ার পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ কিন্তু সেই পথটাই এঁকে দিচ্ছে। মেসির সঙ্গে দেখা হওয়ার আগে আগে কোর্তোয়া পুরোনো পরিচয়ের প্রসঙ্গটাই টানলেন, ‘আমি বার্সেলোনার সঙ্গে অ্যাটলেটিকোর ম্যাচ থেকেই ওকে ভালোভাবে চিনি। এবার দেশের হয়ে ওর বিপক্ষে খেলছি। ব্যাপারটা ভালোই। আশা করি, আমরাই জিতব, দেখা যাক।’

এই মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে মেসিকে অনেকবারই সামলাতে হয়েছে, তাতে মোটামুটি সাফল্যের সঙ্গে উতরে গেছেন। কিন্তু কোর্তোয়া মনে করিয়ে দিলেন মেসি মেসিই, ‘একটা ভালো দিক হচ্ছে ওকে এতটাই ভালোভাবে চিনি, আমার আর ওর ভিডিও দেখতে হবে না। ওর ভিডিও দেখলেও লাভ নেই। সে এতটাই অননুমেয়, কখন কী করবে সেটা বলতে পারা অসম্ভবই। যখনই সে শ্যুট করার একটা সুযোগ পাবে, শ্যুট করবে। গোলরক্ষক হিসেবে আপনি মনোযোগটা শুধু পুরো সময় ধরে রাখতে পারেন। এক মুহূর্ত যদি আপনি আনমনা থাকেন, মেসি ওই সময়েই গোল করে বসবে।’
এখন পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারার পরীক্ষায় কোর্তোয়া অবশ্য সফলই। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে কম গোল খেয়ে (ফ্রান্স, কলম্বিয়া, কোস্টারিকার সঙ্গে যৌথভাবে) বেলজিয়াম পরের পর্বে উঠেছে। কোর্তোয়া অবশ্য নিজের জাত চেনানোর সুযোগ পেয়েছেন দ্বিতীয় রাউন্ডে ম্যাচে। টিম হাওয়ার্ডের অতিমানবীয় পারফরম্যান্সে ঢাকা পড়ে গেছে বটে, সেই ম্যাচে কয়েকটি অসাধারণ সেভ করেছিলেন বেলজিয়ামের ২২ বছর বয়সী গোলরক্ষকও। নিজের সেরাটা কি আর্জেন্টিনার জন্যই তুলে রেখেছেন? গোলডটকম।