মুখোমুখি নাদাল-ফেদেরার
মহিলা এককের দুটি সেমিফাইনাল ঘিরেই আলোটা থাকার কথা ছিল। শুধু যে গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠার ব্যাপার নয়, চার সেমিফাইনালিস্টের তিনজনকেই হাতছানি দিচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। মারিয়া শারাপোভা, পেত্রা কেভিতোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা—তিনজনের চোখেই এই স্বপ্ন। তার পরও আজ পুুরুষ ও মহিলা এককের সেমিফাইনালের দিনে পুরুষ এককের একটি সেমিফাইনাল ঘিরেই সব আলো। সেটিতে যে মুখোমুখি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল!বিস্ময়চিহ্নটা বুঝেশুনেই দেওয়া। ফেদেরার-নাদাল ফাইনাল দেখে দেখেই অভ্যস্ত হয়ে গেছে টেনিস দর্শকেরা। সেখানে ফাইনালের আগেই ছিটকে পড়ছেন কোনো একজন। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেই এই দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার মানসিক প্রস্তুতি অবশ্য ড্রয়ের পরই নেওয়া ছিল সবার। জোকোভিচ-রাজ শুরু হওয়ার পর নাদাল ও ফেদেরার র্যাঙ্কিংয়ে ২ ও ৩ নম্বর হয়ে যাওয়াতেই হচ্ছে এমন। ২০০৫ ফ্রেঞ্চ ওপেনে মেজর টুর্নামেন্টে দুজনের প্রথম দেখার পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে মুখোমুখি তাঁরা।মেলবোর্নে দুজনের সর্বশেষ দেখা স্মরণীয় হয়ে আছে পাঁচ সেটের দুর্দান্ত এক ফাইনালের কারণে। ২০০৯ সালের সেই ফাইনালে ফেদেরারকে হারিয়ে নাদালের হার্ড কোর্টে প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফেদেরার সেই জ্বালা ভোলেননি। এমনিতে কোর্টের বাইরে নাদালের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। সেমিফাইনালের আগে ফেদেরারের কথায় এমন কোনো যুদ্ধংদেহী মেজাজ না থাকলেও সেটি তাই একটু ব্যতিক্রমীই শোনাল, ‘কয়েক বছর আগের মহাকাব্যিক সেই ফাইনালের কারণে আমি অবশ্যই রাফার সঙ্গে আবার খেলতে চাই। এখানে ওর সঙ্গে আবার খেলার সুযোগ পেতে মুখিয়ে ছিলাম আমি।’মুখোমুখি লড়াইয়ে নাদাল এগিয়ে ১৭-৯ ম্যাচে, গ্র্যান্ড স্লামেও রেকর্ডটা নাদালের পক্ষে, ৭-২। ২০০৭ উইম্বলডন ফাইনালের পর গ্র্যান্ড স্লামে নাদালকে হারাতে পারেননি ফেদেরার। তবে দুই বছরের মধ্যে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নপূরণে এসব পাত্তাই দিতে চাইছেন না তিনি। সেমিফাইনালে দেখা হয়ে যাওয়াটাও ভালোই লাগছে তাঁর, ‘অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালের রি-ম্যাচ হয়তো হলো না, তবে টেনিসের জন্য এই পরিবর্তনটা ভালোই হয়েছে।’ফেদেরারের চেয়ে পাঁচ বছরের ছোট, ২৫ বছরের নাদালের কাছে ফেদেরারের সঙ্গে যেকোনো ম্যাচই ‘বিশেষ কিছু’, ‘ও ১৬টি গ্র্যান্ড স্লাম জিতেছে, আমি ১০টি—আমরা পরস্পরের সঙ্গে আমাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে অনেক ম্যাচ খেলেছি। ওর বিপক্ষে যেকোনো ম্যাচই বিশেষ কিছু, সেটি আমাদের র্যাঙ্কিং ২০ ও ২৫ হলেও।’পুরুষ এককের সেমিফাইনাল লাইনআপ একেবারে র্যাঙ্কিং মেনেই হয়েছে। সেমিফাইনাল খেলছেন র্যাঙ্কিংয়ে ১ থেকে ৪। আগামীকাল অন্য সেমিফাইনালটিতে ১ নম্বর জোকোভিচ মুখোমুখি হচ্ছেন ৪ নম্বর মারের। কাল কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৬-৪, ৭-৬ (৭/৪), ৬-১ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই ফেরারকে। মারে ৬-৩, ৬-৩, ৬-১ গেমে জিতে থামিয়ে দিয়েছেন জাপানি কেই নিশিকোরির স্বপ্নযাত্রা।ফেদেরার-নাদালের মতো না হলেও মহিলা এককেও একটি সেমিফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ থাকবে তুঙ্গে। গত উইম্বলডন ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী শারাপোভা ও কেভিতোভা প্রতিশ্রুতি দিচ্ছেন স্মরণীয় এক ম্যাচের। উইম্বলডনে শারাপোভাকে হারিয়েই কেভিতোভা জিতেছেন তাঁর একমাত্র গ্র্যান্ড স্লাম শিরোপা। কাল কোয়ার্টার ফাইনালে ইতালির সারা এরানিকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন কেভিতোভা। ২০০৮ সালের চ্যাম্পিয়ন শারাপোভা ৬-২, ৬-৩ গেমে জিতেছেন আগের রাউন্ডে সেরেনাকে বিদায় করে দেওয়া একাতেরিনা মাকারোভাকে। অন্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স মুখোমুখি হচ্ছেন র্যাঙ্কিংয়ে ৩ নম্বর আজারেঙ্কার। এএফপি।