মুখোমুখি বার্সা-মিলান রিয়াল-ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ২০০৩ সালে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগের সেই মহাকাব্যিক দ্বৈরথ তো ফুটবল ইতিহাসেই জায়গা করে নিয়েছে। রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড আবার যখন চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি, তখন পাদপ্রদীপের আলোয় ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯ সালে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পর এই প্রথম নিজের পুরোনো ঠিকানায় ফিরছেন রিয়াল স্ট্রাইকার, কিন্তু প্রতিপক্ষ হিসেবে!আভাস অবশ্য মিলেছিল আগেই, শেষ ষোলোতেই কয়েকটি জমজমাট লড়াই দেখা যাবে। সেটাই সত্যি হলো। কাল সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র শুধু রিয়াল-ইউনাইটেডকেই মুখোমুখি দাঁড় করায়নি; মুখোমুখি দাঁড় করিয়েছে বার্সেলোনা-এসি মিলান, আর্সেনাল-বায়ার্নকেও। বার্সা ও মিলানের ভাগ্য কয়েক বছর ধরেই যেন এক সূত্রে জড়িয়ে গেছে। গত আসরে মিলানকে হারিয়েই শেষ চারে উঠেছিল বার্সা। এবারও নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি ভিলানোভা-অ্যালেগ্রির দল। কোচ ভিলানোভার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে কিছুটা বিহ্বল বার্সা শিবির। তবে বার্সা অধিনায়ক পুয়োলের কণ্ঠে এই ধাক্কাটাকেই প্রেরণায় রূপ দেওয়ার প্রতিজ্ঞা, ‘গতকালের দিনটা ছিল অনেক কঠিন। টিটো আমাদের শক্তি দিয়েছে, এর মধ্যে ফিরে আসার কথাও বলছে। ব্যক্তিগতভাবে মিলানকে পেয়ে আমি খুশি। ওরা সহজ দল বলে নয়, এই দলটাকে আমি সব সময়ই পছন্দ করি।’ইউনাইটেডের বিপক্ষে মরিনহোর রেকর্ড অবশ্য ঈর্ষা করার মতোই। ১৪ সাক্ষাতে মরিনহো শুধু দুবারই মাথা নুইয়েছেন অ্যালেক্স ফার্গুসনের কাছে। তার ওপর ফার্গির সাবেক শিষ্য এখন মরিনহোর তূনের সবচেয়ে তীক্ষ তির। মাদ্রিদের পরিচালক ও সাবেক খেলোয়াড় এমিল বুত্রাগুয়েনোও মানছেন পুরোনো ক্লাবের বিপক্ষে খেলাটা কঠিনই হবে রোনালদোর জন্য, ‘আমি নিশ্চিত, রোনালদোর জন্য ম্যাচটা হবে ‘স্পেশাল’। সে একজন পেশাদার। তবে আমি এটাও নিশ্চিত, রিয়ালকে পরের পর্বে নিতে হলে সে নিজের সেরাটাই ঢেলে দেবে। কিন্তু ওখানে ফিরে যাওয়াটা ওর জন্য বিশেষ কিছু।’আর্সেনালের কপাল মন্দই বলতে হবে, গতবারের ফাইনালিস্ট বায়ার্নকে নিশ্চয় এড়াতেই চেয়েছিল গানাররা। বায়ার্ন সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে এই ড্রয়ে দৃশ্যত খুব একটা অখুশি নন, ‘আমরা আর্সেনালকে ভালোই চিনি। ড্র নিয়ে আমরা খুশিই। আর্সেনালকে অবশ্য আমরা খাটো করে দেখছি না।’ অন্য কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি ভ্যালেন্সিয়ার, জুভেন্টাসের প্রতিপক্ষ সেল্টিক। এএফপি।শেষ ষোলোয় মুখোমুখি গ্যালাতাসারাই - শালকে সেল্টিক - জুভেন্টাস আর্সেনাল - বায়ার্ন মিউনিখ শাখতার দোনেৎস্ক - বরুসিয়া ডর্টমুন্ড এসি মিলান - বার্সেলোনা রিয়াল মাদ্রিদ - ম্যানচেস্টার ইউনাইটেড ভ্যালেন্সিয়া - পিএসজি পোর্তো - মালাগা