দুই দলের একটা জায়গায় দারুণ মিল! এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই হারিয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেলকে। গ্রুপ পর্বে রাসেলকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জিতেছে বিজেএমসি। ফেডারেশন কাপের আজকের সেমিফাইনালে মুখোমুখি দুই দলই চায় জিততে।
বিজেএমসির ফুটবলারদের লড়াইটা শুধু মাঠেই নয়, লড়তে হবে অভিজ্ঞ কোচ শফিকুল ইসলামের কৌশলের সঙ্গেও। অভিজ্ঞ আমিনুল ইসলামও বাধার দেয়াল হয়ে দাঁড়াবেন গোলদুর্গের সামনে। গত মৌসুমে বিজেএমসির হয়ে খেলা এই গোলরক্ষকের জন্যও ম্যাচটা চ্যালেঞ্জের। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাকে চ্যাম্পিয়ন করতে চান কোচ শফিকুল ইসলাম। কিন্তু তার আগে সেমিফাইনালে জেতাই তাঁর মূল লক্ষ্য, ‘ডিসেম্বর আমাদের সবার জন্যই বিশেষ একটি মাস। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাকে চ্যাম্পিয়ন করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু এর আগে অবশ্যই আমাদের সেমির বাধা টপকাতে হবে।’
অনেক দিন ধরেই কোনো ট্রফি ওঠে না মুক্তিযোদ্ধার শোকেসে। সর্বশেষ শিরোপা জয় তাদের ২০০৫ সালে, স্বাধীনতা কাপে। আর ফেডারেশন কাপের ফাইনালে ওঠা ১৯৯৯, ২০০২ ও ২০০৫ সালে। সাফল্যের বন্ধ্যাত্ব ঘোচাতে চান শফিকুল, ‘দলবদলের সময় আমরা বলেছিলাম এবার লিগে এক থেকে তিনের মধ্যে থাকতে চাই। সেই লক্ষ্যে মিশন শুরু করেছি। তবে তার আগে বিজেএমসির বিপক্ষে জিততে চাই।’
স্থানীয় খেলোয়াড়দের চেয়ে বিদেশিরাই বেশি ভরসা বিজেএমসির। বিশেষ করে গিনির ইসমাইল বাঙ্গুরা ও নাইজেরিয়ান স্যামসন ইলিয়াসু। দুই ফরোয়ার্ডই আজ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। হারলেই বিদায়, অধিনায়ক অমিত খান শুভ্র হার মানতে রাজি নন, ‘আমাদের যোগ্যতা আছে ফাইনালে খেলার। সেমিফাইনালে আমরা জয় চাই।’
দুই বছর পর আবারও ফেডারেশন কাপের শেষ চারে উঠে বেশ উজ্জীবিত বিজেএমসি। ২০১১ সালে নতুন করে ফুটবল শুরুর প্রথম মৌসুমেই ফেডারেশন কাপের ফাইনালে খেলে বিজেএমসি, তাতে অবশ্য হারতে হয় শেখ জামাল ধানমন্ডির কাছে। আবারও তাদের সামনে আজ ফাইনালে ওঠার সুযোগ।