মুখোমুখি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মাস কি খুব বেশি সময়? ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের কাছে অন্তত এমনটাই মনে হওয়ার কথা। গত ২ এপ্রিল ওয়াংখেড়ের বিশ্বকাপ ফাইনালটাকে মনে হতে পারে দূর অতীতের কোনো স্মৃতি। দুই দলেরই যে এখন হতশ্রী অবস্থা! বিশ্বকাপের পর থেকেই খাবি খেতে খেতে আজ আবার মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের সেরা দুই দল। রণক্ষেত্রটা প্রতিকূল দুই দলের জন্যই—পেস-স্বর্গ পার্থ।শ্রীলঙ্কার দুঃসময় শুরু বিশ্বকাপ ফাইনাল দিয়েই। এর পর টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরিবর্তন হয়েছে কোচ ও অধিনায়ক পদেও। গত ১০ মাসে শ্রীলঙ্কার চতুর্থ কোচ গ্রাহাম ফোর্ডের যাত্রা শুরু হচ্ছে আজ। চার বছর আগে যাঁর অধিনায়কত্বে সর্বশেষ সিবি সিরিজে খেলেছিল শ্রীলঙ্কা, সেই মাহেলা জয়াবর্ধনের কাঁধে আবার বর্তেছে নেতৃত্ব। ভারতের ওয়ানডে ফর্ম এতটা বাজে নয়। ইংল্যান্ডে সিরিজ হারলেও দেশের মাটিতে ইংলিশদের আবার হোয়াইটওয়াশ করেছে। তবে টেস্টের বাজে পারফরম্যান্সের ছোঁয়া ওয়ানডেতেও লাগছে। এই টুর্নামেন্টের শুরুটাও হয়েছে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে। সঙ্গে যোগ হয়েছে দলে অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন। প্রথম ম্যাচে শেবাগকে বাইরে রাখাটাকে অনেকে মিলিয়েছেন দলে গ্রুপিংয়ের গুজবের সঙ্গে। তবে কাল শেবাগ জানালেন, এটা নাকি দলের পরিকল্পনারই অংশ। তরুণদের বেশি সুযোগ দিতে সব ম্যাচেই টেন্ডুলকার-শেবাগ-গম্ভীরের যেকোনো দুজন খেলবেন। সেই ধারাবাহিকতায় আজ ফিরবেন শেবাগ, বাইরে থাকবেন গম্ভীর। ওয়েবসাইট।