মুখোমুখি মরিনহো-ভিলানোভা
মৌসুমের শুরুতেই ফুটবলপ্রেমীরা এবারও পেতে যাচ্ছে ‘এল ক্লাসিকো’র রোমাঞ্চ। আজ স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে দুই স্প্যানিশ ‘দানব’ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে দুই চিরশত্রু আজই প্রথম মুখোমুখি হচ্ছে বটে; কিন্তু মাঠে তারা নেমে গেছে আগেই। অন্যবার সুপার কাপ দিয়ে স্পেনের ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হলেও এবার সূচিটা বদলে গেছে। সুপার কাপের আগেই শুরু হয়ে গেছে লা লিগা। গত রোববার লা লিগায় দুই রকম অভিজ্ঞতা নিয়েই মুখোমুখি রিয়াল ও বার্সা।ন্যু ক্যাম্পে কোচ টিটো ভিলানোভার অভিষেক ম্যাচে বার্সেলোনার হয়েছে দুর্দান্ত সূচনা। গত মৌসুমে ৭৩ গোলের বিস্ময়কর রেকর্ড গড়া লিওনেল মেসির দুই গোলে বার্সেলোনা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। একই রাতে বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে। রিয়ালের ড্র হতাশার দিনে ক্রিস্টিয়ানো রোনালদোও গোল পাননি। স্বাভাবিকভাবেই আজ যখন ন্যু ক্যাম্পে একে অপরের মুখোমুখি হবে দুই দল, আত্মবিশ্বাসেও নিশ্চয়ই তারতম্য থাকবে।ন্যু ক্যাম্প, সুপার কাপ—শব্দগুলো ফিরিয়ে আনছে এক বছর আগের স্মৃতি। ঘটনাটা এই আগস্ট মাসেরই ১৭ তারিখের। এই ন্যু ক্যাম্পেই সুপার কাপের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল দুই দল। বার্সেলোনার ৩-২ গোলে জেতা ম্যাচে যা ঘটেছিল, তা ফুটবল ইতিহাসের অন্যতম জঘন্য উদাহরণ। তিন লাল কার্ডের উত্তেজনা ছড়ানো ম্যাচে মাঠের চেয়েও বেশি উত্তাপ ছড়ায় ডাগ-আউটে। যে ঘটনার কেন্দ্রে ছিলেন হোসে মরিনহো। উত্তেজনার এক ফাঁকে রিয়াল কোচ আঙুল দিয়ে খোঁচা মেরেছিলেন বার্সেলোনার তত্কালীন সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে। পরে সেই ঘটনা নিয়ে জল কম ঘোলা হয়নি।সময়ের ব্যবধানে সেই ভিলানোভাই এখন বার্সেলোনার কোচ। আজ তাই ডাগ-আউটে পার্শ্বচরিত্র নন, ভিলানোভা মরিনহোর সরাসরি প্রতিপক্ষ। ফুটবলের সামান্য ভদ্রতাটুকু মেনে চললেও আজ ডাগ-আউটে ঢুকেই হাত মেলাতে হবে দুজনকে। রাখতে হবে চোখে চোখ। ডাগ-আউটে প্রতিপক্ষের চোখের দিকে তাকিয়ে মরিনহোর কিছু মনে পড়বে না? ভিলানোভার? এক বছর আগের ওই ঘটনা নিয়ে দুই শিবিরই চুপ। মেসি-রোনালদোদের চিন্তা কেবলই মাঠের দ্বৈরথকে ঘিরে। মেসির দাবি কোচ হিসেবে, ভিলানোভাকে পেপ গার্দিওলার উত্তরসূরি হেসেবে পেয়েও খেলার ধরনটা তাদের বদলে যায়নি, ‘গার্দিওলার সময়ের মতোই দলের খেলার দর্শন এবং স্টাইল এখনো একই আছে। ড্রেসিংরুমও আগের মতোই শিরোপার জন্য ক্ষুধার্ত। যেসব টুর্নামেন্টে আমরা খেলি টিটোর মতো আমিও সেসবই জিততে চাই। এটা কঠিন কিন্তু আমরা চেষ্টা করব।’ক্রিস্টিয়ানো রোনালদোর কণ্ঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘আমি এখনো শতভাগ স্বচ্ছন্দ নই। কিন্তু আশা করি, শিগগিরই সেরা ফর্মে ফিরতে পারব।’ গত মৌসুমের হারের প্রতিশোধ নিতে হলে রোনালদোকে সেটা ফিরে পেতে হবে আজই।সুপার কাপের দ্বিতীয় লেগ ম্যাচটি ২৯ আগস্ট, বার্নাব্যুতে। রয়টার্স।