মুখোমুখি মুশফিক-মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামেই ‘এ’ দল। নইলে এই ‘এ’ দল জাতীয় দলের চেয়ে কম কী? অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও জিম্বাবুয়ে সিরিজ খেলে আসা জুনায়েদ সিদ্দিক, রবিউল ইসলাম আছেন। জহুরুল ইসলাম, রকিবুল হাসান, নাঈম ইসলাম, শাহাদাত হোসেন, ফরহাদ রেজা, সৈয়দ রাসেলরাও জাতীয় দলের পরিচয় নিয়েই পরবেন ‘এ’ দলের জার্সি!বিসিবি কাপের আজকের ম্যাচটাকে তাই ‘জাতীয় দল বনাম জাতীয় দল’ লড়াই বলে দিতে পারেন। প্রস্তুতিমূলক টুর্নামেন্টটার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে আগ্রহোদ্দীপক ম্যাচও এটি। তামিম ইকবালের বিপক্ষে আগুন ঝরাবেন শাহাদাত হোসেন কিংবা মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সময় উইকেটের পেছন থেকে মুশফিকুর রহিমের চিৎকার—মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম দিচ্ছে রোমাঞ্চকর এক লড়াইয়ের ডাক।লড়াইয়ের ভেতরেও লড়াই থাকে। আজকের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটা মুশফিকুর-মাহমুদউল্লাহর। না, দুজনের কেউই বলছেন না তাঁরা যুদ্ধে নামছেন। প্রস্তুতি ম্যাচ কখনো মরণপণ লড়াইও নয়। তবে সাকিব-তামিমকে সরিয়ে দেওয়ার পর জাতীয় দল যখন নতুন অধিনায়ক-সহঅধিনায়কের অপেক্ষায়, বিসিবি কাপে তখনই মুশফিকুর নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলকে, ‘এ’ দলকে মাহমুদউল্লাহ। বাতাসেও গুঞ্জন, ক্রিকেট বোর্ডের মন নাটকীয়ভাবে বদলে না গেলে এ দুজনের কেউই হবেন বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক। সরকারি ঘোষণার আগে তাঁদের মুখোমুখি হওয়ার ঘটনা লড়াইয়ের উত্তাপ ছড়াতেই পারে।মাহমুদউল্লাহর কণ্ঠে অবশ্য সে রকম ঝাঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের ম্যাচ নিয়ে যদি কোনো বাড়তি উত্তেজনা থাকেও, সেটা কাল ঢাকা পড়ে গেল নির্লিপ্ত স্বরের নিচে, ‘আমি ওভাবে দেখছি না। আমাকে “এ” দলের অধিনায়ক করা হয়েছে। চেষ্টা করছি দায়িত্বটা ভালোভাবে পালন করতে। অন্য কিছু ভাবছি না।’ এই যে চারদিকে ‘অধিনায়ক হতে পারেন, অধিনায়ক হতে পারেন’ রব, সেটাকেও চাপ মনে করছেন না। মাহমুদউল্লাহ নেতৃত্ব ব্যাপারটা বরং উপভোগই করছেন, ‘চাপ ভাবলে চাপ, উপভোগ করলে উপভোগ। অধিনায়কত্বকে আমি চাপ মনে করি না। বরং সব সময়ই এটা উপভোগ করেছি।’ প্রিমিয়ার ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএসের হয়ে কয়েকটা ম্যাচে অধিনায়কত্ব করেছেন। গতবার তো অধিনায়কই ছিলেন আবাহনীর।অন্যদিকে অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করেছেন বিকেএসপির। একসময় সহ-অধিনায়ক ছিলেন জাতীয় দলেরও। নেতৃত্বের পাঠ তাই তাঁরও নেওয়া আছে। তবে আপাতত অন্য সব চিন্তা বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের দিকেই তাকিয়ে এই উইকেটকিপার ব্যাটসম্যান। প্রস্তুতি ক্যাম্পের শুরুর দিকেই জানিয়ে দিয়েছেন, ‘আমার মূল লক্ষ্য আসলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আমাদের জন্য বড় একটা সিরিজ, অনেক কিছু প্রমাণ করার আছে। চেষ্টা করছি সেদিকে মনোযোগ দেওয়ার। তার পরও যদি কোনো দায়িত্ব আসে, সেটা পুরোপুরি পালন করার চেষ্টা করব।’জাতীয় দল বনাম ‘এ’ দল ম্যাচে পরীক্ষা আসলে দুই দলের সব ক্রিকেটারই দেবেন। মাহমুদউল্লাহ যেমন বললেন, ‘জাতীয় দলের খেলোয়াড়েরা চাইবে দলে তাদের অবস্থান প্রমাণ করতে। একইভাবে “এ” দলের খেলোয়াড়েরা চেষ্টা করবে জাতীয় দলে ঢোকার দাবি জানাতে।’ একাডেমি দলের বিপক্ষে দুই দলই জিতেছে নিজেদের প্রথম ম্যাচে। তবে ৭৫ রান তাড়া করতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ফেলাটা পূর্ণ তৃপ্তি দেয়নি জাতীয় দলকে। ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীসদের জন্য আজকের ম্যাচ তাই আসলেই পরীক্ষার মতো। প্রস্তুতি ম্যাচে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর নীতিতে যদি কেউ কাটা পড়েন, সামর্থ্যের প্রমাণ দিতে অপেক্ষায় থাকতে হবে আরেকটি সুযোগের জন্য। যতদূর জানা গেছে, আগের ম্যাচে পানি টানার পর আজকের ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। পরিবর্তন হতে পারে আরও দু-একটা।পরিবর্তন আসবে ‘এ’ দলেও। পেসার রবিউল ইসলাম খেলবেন আজ। তবে কার জায়গায়, সেটা ঠিক হবে ম্যাচের আগে। প্রথম ম্যাচে ‘এ’ দলও হারিয়েছে একাডেমি দলকে, তবে ব্যাটিং নিয়ে জাতীয় দলের মতো অতৃপ্তি তাদেরও থাকতে পারে। ৫৬ রানে জেতা ম্যাচে ‘এ’ দল অলআউট হয়ে গিয়েছিল ২০৭ রানে।লড়াইয়ের ভেতরে অনেক লড়াই। তবে আসল লড়াইটা বোধ হয় ক্রিকেটীয় সামর্থ্যেরই। ‘এ’ দল কি পারবে জাতীয় দলের অহংকারে আঘাত করতে? নাকি দুই দলের পার্থক্যটা বুঝিয়ে দেবে জাতীয় দলই!