মুখোমুখি মেসি-নেইমার
ইউরোর ডামাডোলে অনেকটাই হয়তো চাপা পড়ে গেছে, তবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের চেয়ে পরম আরাধ্য ফুটবল-পিপাসুদের জন্য আর কিছু হতে পারে না। দুই চিরপ্রতিদ্বন্দ্বী আজ যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মুখোমুখি প্রীতি ম্যাচে। কিন্তু দুটি দলের নাম যখন ব্রাজিল-আর্জেন্টিনা, ‘প্রীতি’র মধ্যেও লুকিয়ে থাকে উত্তেজনা। অবশ্য প্রীতি ম্যাচ বলেই দুই দলের কোচ খানিকটা পরীক্ষা-নিরীক্ষা চালাবেন দল নিয়ে। ক্লাব বার্সেলোনার হয়ে নিয়মিতই সেন্টারব্যাকে খেলা হাভিয়ের মাচেরানো আজ জাতীয় দলে প্রথমবারের মতো এই পজিশনে খেলতে পারেন। গত ম্যাচের মতো চার ফরোয়ার্ড নিয়ে সম্ভবত নামছে না আলবিসেলেস্তেরা। গঞ্জালো হিগুয়েইনকে বোধহয় কাটাতে হবে বেঞ্চে বসে। তবে তুরুপের তাস লিওনেল মেসি গত ম্যাচে দুর্দান্ত খেলায় কোচ আলেসান্দ্রো সাবেলা এখন অনেকটাই নিরুদ্বেগ। অন্যদিকে মেক্সিকোর কাছে মাত্রই ২-০ গোলে হারা নেইমারদের জন্য এটি আরেকটি পরীক্ষা। ওয়েবসাইট।