মুখোমুখি রোনালদো-ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছক আঁটছেন প্রতিপক্ষ বধের। অনুশীলনে সতীর্থদের সঙ্গে রোনালদো রয়টার্স ও এএফপি
ছক আঁটছেন প্রতিপক্ষ বধের। অনুশীলনে সতীর্থদের সঙ্গে রোনালদো রয়টার্স ও এএফপি

এমন কথা বুক ফুলিয়ে শুধু জ্লাতান ইব্রাহিমোভিচই বলতে পারেন! ‘ঔদ্ধত্য’ শব্দটা তো আর এমনি এমনি আসেনি! সুতরাং সুইডিশ স্ট্রাইকার যখন বলেন, ‘এই খেলাটায় আমি যতটা উন্মাদনা তৈরি করতে পারি, যেভাবে গোল করতে পারি, অন্য কারও পক্ষে সেটা সম্ভব নয়। লোকে আমাকেই বিশ্বকাপে দেখতে চায় সবচেয়ে বেশি, অন্য কাউকে নয়’—তখন অবাক লাগে না খুব একটা।
সরাসরি কোনো নাম বলেননি, কিন্তু ইঙ্গিতটা পরিষ্কার। এই ‘অন্য কেউ’ মানে ক্রিস্টিয়ানো রোনালদো। লড়াইটা যে পর্তুগিজ উইঙ্গারের বিপক্ষেই!
একটু ভুল হলো। আসলে লড়াইটা পর্তুগাল ও সুইডেনের। কিন্তু যে যুদ্ধে রোনালদো-ইব্রার মতো দুই যোদ্ধা থাকেন, সেখানে তাঁদের দুজনকে ছাপিয়ে অন্য কিছু আলোচনায় আসে না। আর সেই সঙ্গে যোগ হওয়া নিয়তির পরিহাস—লিসবনে আজ এবং মঙ্গলবার স্টকহোমে ফিরতি ম্যাচের পর বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যাবে এঁদের যেকোনো একজনের!
প্লে-অফের ড্র-ভাগ্য সত্যটাকে নিশ্চিত করে দেওয়ার পর থেকেই আক্ষেপে পুড়ছেন রোনালদো-ইব্রার ভক্তরা। কিন্তু যাঁদের নিয়ে এত আলোচনা ভেতরে ভেতরে কি কিছুটা আক্ষেপে পুড়ছেন না তাঁরাও? বিশ্বকাপে রোনালদোর না থাকাটা যে খুব দুঃখজনক একটা ব্যাপার হবে সেটা জানেন তিনি নিজেও। কিন্তু তাই বলে নিজেকে বলি দিয়ে রোনালদোকে বিশ্বকাপের রাস্তা করতে দিতে রাজি নন তিনি, ‘বিশ্বকাপ সেরাদের প্রতিযোগিতা। এখানে সব সেরা খেলোয়াড়েরই থাকা উচিত। রোনালদো, নেইমার, রুনি, মেসি অথবা জাভি এদের যে কারও বিশ্বকাপে না থাকাটাই খুব লজ্জাজনক। কিন্তু সত্যটা হচ্ছে আমার আর রোনালদোর মধ্যে একজনই খেলতে পারবে। আমি নিশ্চিত করতে চাই, যাতে সে ব্রাজিল যেতে না পারে।’

ছক আঁটছেন প্রতিপক্ষ বধের। অনুশীলনে সতীর্থদের সঙ্গে ইব্রাহিমোভিচ  রয়টার্স ও এএফপি
ছক আঁটছেন প্রতিপক্ষ বধের। অনুশীলনে সতীর্থদের সঙ্গে ইব্রাহিমোভিচ রয়টার্স ও এএফপি

হুমকিটা ইব্রাসুলভই। কিন্তু যাঁর সম্পর্কে কথাটা বলা হচ্ছে এখন পর্যন্ত তাঁর দিকে থেকে পাল্টা কোনো জবাব আসেনি। শুধু ইব্রা কেন, কিছুদিন ধরে রোনালদো কারও সমালোচনা কিংবা হুমকির জবাবই মুখে দিচ্ছেন না। যা করার সবই মাঠেই করছেন রিয়াল মাদ্রিদ তারকা। ক্লাবের হয়ে চলতি মৌসুমে মাত্র ১৭ ম্যাচে ২৪ গোল করেই বলে দিয়েছেন কী দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। বিশেষ করে সপ্তাহ দুয়েক আগে ফিফা সভাপতি ব্ল্যাটারের ব্যঙ্গোক্তির পর থেকে রীতিমতো তেতে আছেন। লা লিগায় ক্ষোভের আগুনে পুড়ছে সব প্রতিপক্ষ। তেতে আছে পর্তুগিজ জনতাও। লিসবনের ব্যস্ততম রাস্তায় টানানো হয়েছে বিশাল ব্যানার—‘ব্ল্যাটার, তুমি অফসাইড। রোনালদোই সবার সেরা।’
সমর্থক আর রোনালদোর নিজের ক্ষোভ—সব যদি গিয়ে আজ সুইডেনের ওপর পড়ে তাহলে কপাল পুড়বে ইব্রার! এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
পর্তুগাল : সুইডেন
আইসল্যান্ড : ক্রোয়েশিয়া
গ্রিস : রোমানিয়া
ইউক্রেন : ফ্রান্স