প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শ্রীলঙ্কাকে হারানোয় ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি নিশ্চিত হয়েছে আরও দুটি বিষয়—এই দুদলেরই একটি রেকর্ড ছোঁয়া ও নতুন রেকর্ড গড়া। কালকের ম্যাচটি ছিল এই দুদলের ১২০তম লড়াই। ওয়ানডেতে দুদলের মুখোমুখি হওয়ার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডটি ছুঁয়েছে তারা। ফাইনালেও খেলবে এই দুদল। মানে আর দুদিন পরে রেকর্ডটি হয়ে যাবে শুধুই তাদের। তবে খুব দ্রুতই রেকর্ডটি আবার কেড়ে নিতে পারবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, ফেব্রুয়ারির শুরুতেই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। এই চার দলের ঠিক পরেই আছে পাকিস্তান-শ্রীলঙ্কা, একে অন্যের মুখোমুখি হয়েছে তারা ১১৯ বার। তাসমান সাগরপারের দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিজেদের মধ্যে ওয়ানডে খেলেছে ১১৮টি।