মুখোমুখি লড়াইয়ের আগুন
মহারণের মধ্যেও থাকে খণ্ডযুদ্ধ। দলগত লড়াইয়ের ভেতর জমে ওঠে ব্যক্তিগত দ্বৈরথ। শেষ পর্যন্ত এগারো দুগুণে বাইশ জনের খেলা। তার পরও আজ এরই ভেতর জমে উঠতে পারে এই তিন মুখোমুখি লড়াইজহির খান বনাম তামিম ইকবালপোর্ট অব স্পেনের স্মৃতি জহির খান নিশ্চয়ই ভোলেননি। মাত্রই প্রথম বিশ্বকাপ খেলতে নামা ১৮ বছরের এক বাঁহাতিকে ঘাবড়ে দিতে জহিরের মারণাস্ত্র, বাউন্সার গিয়ে লেগেছিল হেলমেটে। চার মেরে সেই যন্ত্রণা ওই তরুণ দ্রুতই ফিরিয়ে দিলেন জহিরকে। সেদিন তামিমের ব্যাটেই সবচেয়ে নির্যাতিত হয়েছেন জহির। জহিরের বলে ৫টি চারের সঙ্গে ডাউন দ্য উইকেটে এসে লং অনের ওপর দিয়ে মেরেছেন ছক্কা। এর মধ্যে চার বলের ব্যবধানে দুটো চার আর একটি ছক্কা মেরে তামিম বুঝিয়ে দিয়েছেন, তাঁকে ছোকরা ভেবে চোখ রাঙালে সর্বনাশ!হরভজন সিং বনাম আবদুর রাজ্জাকএকজন ১০-২-৩৮-৩, অন্যজন ১০-১-৩০-০। পোর্ট অব স্পেনে হরভজনকে ‘৩-০’ গোলে হারিয়ে দিয়েছিলেন রাজ্জাক। ওই ম্যাচে টেন্ডুলকার, যুবরাজকে তো বটেই; রাজ্জাক ‘ভাজ্জি’কে ফিরিয়েছিলেন শূন্য রানে। সেদিন বোলার হরভজন উইকেটই পাননি। হরভজনকে উইকেট না দেওয়ার বাংলাদেশের পরিকল্পনা বেশিরভাগ সময়ই সফল। বাংলাদেশের বিপক্ষে আট ম্যাচে হরভজনের উইকেট পাঁচটি। বোলিং-গড় ৫৩.৮০! অবশ্য ভারতের বিপক্ষেও রাজ্জাকের বোলিং-গড় ৬৪.১৭। তবে ভাজ্জির চেয়ে তিনি অন্তত একটা উইকেট বেশি নিয়েছেন মুখোমুখি লড়াইয়ে! স্পিনের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বোলিং করাটা বিবেচনায় নিলে, রাজ্জাকের পিঠ চাপড়ে দিয়ে বলতেই পারেন, ‘ব্রাভো, ব্রাভো!’শচীন টেন্ডুলকার বনাম সাকিব আল হাসানদুজনের মধ্যে মিল খুঁজতে যাওয়াই বোকামি। ডানহাতি আর বাঁহাতির মতোই তাঁরা দুই মেরুর। তবে সব ব্যবধান মুছে যায় একটি জায়গায়, টেন্ডুলকার যেমন ভারতীয় ক্রিকেটের প্রতীক; সাকিবও তেমনি বাংলাদেশের ক্রিকেটের ‘আইকন’ হয়ে উঠছেন। যদিও এভাবে তুলনা করাটাও ঠিক ব্যাকরণসম্মত হচ্ছে না। টেন্ডুলকার দেশকালের গণ্ডি পেরিয়ে ক্রিকেটেরই আইকন। তবে ভবিষ্যতে টেন্ডুলকারের আলোর কিছুটা সাকিব নিজের দিকে টেনে আনতে পারেন, সেই সম্ভাবনার সুবাস তো ছড়িয়েছেই। গত বিশ্বকাপে টেন্ডুলকারকে বোলিং করার সৌভাগ্য সাকিবের হয়নি। আজ সুযোগ থাকছে। আজ বরং মাঠে নেমে এক দিক দিয়ে টেন্ডুলকারকে ছাপিয়েই যাবেন সাকিব। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে কখনো খেলা হয়নি টেন্ডুলকারের। সাকিবের তো হচ্ছে!