মুখোমুখি সেই ইন্টার-বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা শেষ ষোলোর। কিন্তু আকাশে-বাতাসে উত্তেজনার এমন রেণু ভেসে বেড়াচ্ছে যে, চারদিকে কেমন একটা ফাইনাল ফাইনাল গন্ধ। তা তো থাকবেই। আজ সান সিরোতে শেষ ষোলোর লড়াইয়ে যে মঞ্চস্থ হতে যাচ্ছে ২০১০-এর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ভেন্যুটাই যা ভিন্ন। আর না হলে গত বছরের সেই বায়ার্ন মিউনিখ, সেই ইন্টার মিলানই তো খেলছে একে অন্যের বিপক্ষে। আজ চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে মার্শেইয়ে মুখোমুখি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি অলিম্পিক মার্শেই। সান সিরোতে ২০১০ ফাইনালের পুনর্মঞ্চায়নটা বায়ার্ন মিউনিখের জন্য প্রতিশোধের মঞ্চও। গত বছর এই বায়ার্নকে হারিয়েই ৪৫ বছর পর ইউরোপ-সেরার মুকুট পরেছিল ইন্টার। সেই প্রতিশোধ নিতে হবে না বায়ার্নকে! বায়ার্ন মিউনিখের কোচ লুইস ফন গল সরাসরি বলেননি, কিন্তু কথা শুনলেই বোঝা যায় প্রতিশোধের আগুন জ্বলছে তাঁর মনে, ‘আমরা ভাবিনি গত বছর ফাইনালে হেরে যাব। তবে ফুটবল এমনই। কিন্তু একই ঘটনা আবার ঘটতে দিতে পারি না আমরা।’খোঁচা দেওয়ার জন্য নাকি প্রেরণা খুঁজতে কে জানে, ইন্টার মিলানের নতুন কোচ লিওনার্দোও বলেছেন, এই ম্যাচটি বায়ার্নের প্রতিশোধের, ‘আমার মনে হয়, ব্যাপারটি (গত বছরের ফাইনালে পরাজয়) ওদের মনে আছে। বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের মনে দৃঃস্মৃতিটা এখনো টাটকাই থাকার কথা।’তবে ওই ফাইনালের কথা বাদ দিলে পরিসংখ্যান কিন্তু ইন্টারের নয়, বায়ার্নের পক্ষেই কথা বলে। চ্যাম্পিয়নস লিগে ২০০৬-০৭ মৌসুমে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুই দলের। নিজেদের মাঠে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছিল বায়ার্ন। সান সিরোর ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এর আগে উয়েফা কাপে (বর্তমানে উয়েফা ইউরোপা লিগ) ১৯৮৮-৮৯ মৌসুমে ইন্টারকে দুই ম্যাচেই হারিয়েছিল বায়ার্ন।ম্যানচেস্টার ইউনাইটেড ও মার্শেইয়ের ম্যাচটিতে প্রতিশোধ-ট্রতিশোধ নেই। ম্যানইউ যে মার্শেই থেকে এগিয়ে তা সবারই জানা। এই ম্যাচটিকে ঘিরে যা আছে তা হলো মার্শেইয়ে চোটের আঘাত। মার্শেই কোচ দিদিয়ের দেশম ওই চোট নিয়েই বেশি চিন্তিত। দলের অন্যতম প্রধান ভরসা স্ট্রাইকার গিগনাচের খেলা হবে না এই ম্যাচে।তবে এর চেয়েও দেশমের বড় চিন্তা ম্যানইউর সাম্প্রতিক ফর্ম। ‘তাদের দলে প্রতিভার ছড়াছড়ি। গ্রুপ পর্বে অপরাজিত ছিল ম্যানইউ’—বলেছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা দেশম। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।