মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন তিনি

কখনো কখনো চোখে তাকিয়েই পড়ে নেওয়া যায় ভেতরটা। দৃষ্টিতে লেখা থাকে লক্ষ্য। কখনো শরীরী ভাষাতেই ফুটে ওঠে সবকিছু। একদম ঠিক ঠিক!
ক্রিকেটে শরীরী ভাষার যেকোনো আলোচনায় ভিভ রিচার্ডসের আগমন অবধারিত। ব্যাটিংয়ে যতটা, ভিভ অনেক সময় প্রতিপক্ষকে বেশি খুন করতেন শরীরী ভাষায়। চুইংগাম চিবোতে চিবোতে ২২ গজে তাঁর প্রতিটি পদক্ষেপ যেন এক ফুৎকারে উড়িয়ে দিত সবাইকে। কুমার সাঙ্গাকারার শরীরী ভাষায় সেই ‘মাচো’ ভাব থাকে না কখনোই। ছিল না কালও। কিন্তু কিছু একটা ছিল, প্রতি মুহূর্তে যা ঘোষণা করছিল, দিনটি তাঁর!
২২ গজে স্টান্স নিয়ে প্রথম বলটি খেললেন। প্রথম রান, প্রথম চার, প্রথম ছক্কা...একটু একটু করে এগিয়ে যাওয়া, হেলমেটের ভেতরে জ্বলজ্বল করতে থাকা স্থির দুটি চোখ, সবকিছুই বলছিল তিনি কোনো মিশনে আছেন। কোনো অভিযান, যেটি জয় করেই ছাড়বেন!
জয় তিনি করেছেন। কাল আরও একবার। সাঙ্গার দিন ইদানীং যেন নিয়মিতই আসছে। ইদানীং মানে গত বছর দুয়েকই। বয়স বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটের ধার। তীব্রতর হচ্ছে রানতেষ্টা। নিত্য নিজেকে নিচ্ছেন নতুন উচ্চতায়। কিংবদন্তি হয়ে গেছেন আগেই। এখন কিংবদন্তিদের মাঝেও নিজেকে আলাদা করে নেওয়ার সাধনা। উজ্জ্বল সব তারার মাঝেও ঔজ্জ্বল্য ছড়ানো!
মেলবোর্নে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছিলেন দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরিতে। মাঝে তাসমান সাগর পাড়ি দিলেও ফর্ম ভেসে যেতে দেননি সাগরে। কাল ওয়েলিংটনে আরেকটি অপরাজিত সেঞ্চুরিতে পিষে ফেললেন ইংল্যান্ডকে। নিরন্তর নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রমাণ শুধু সেঞ্চুরিতে নয়, সেগুলো করার ধরনও দেখার মতো। বয়স ৩৭ পেরিয়েছে, অথচ আগের ম্যাচেই করেছিলেন ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। ৭৩ বলের সেই সেঞ্চুরিকেও পেছনে ফেললেন কাল ৭০ বলে সেঞ্চুরি করে। প্রথমে ব্যাট করে পাওয়া আগের সেঞ্চুরিটি শ্রীলঙ্কাকে তোলে রান–পাহাড়ে। কালকের সেঞ্চুরি পরে ব্যাট করে, ৩১০ রান তাড়াকে ছেলেখেলা বানিয়ে!
টেস্ট ক্রিকেটে ২২ গজে অনেক সময়ই তিনি ধ্যানমগ্ন ঋষি। ওয়ানডেতে সেই সুযোগ নেই। আছে ‘মুড’, নিজের ‘জোন’। গত দুটি ইনিংসেই সাঙ্গাকারা ছিলেন নিজের জোনে। প্রতিপক্ষের সবাই যেন তাঁর ব্যাটের ক্রীড়নক। ডাউন দ্য উইকেটে এসে বল পেয়ে যাচ্ছেন ঠিক জায়গায়। পুল বা হুক করছেন এমনভাবে যেন আগে থেকেই জানতেন শর্ট বল আসছে। এক্সট্রা কাভারের ওপর দিয়ে খেলতে জায়গা বানিয়ে প্রস্তুত, বলও পাচ্ছেন পছন্দের জায়গায়। গ্রেটদের ব্যাপারটিই এমন, প্রতিপক্ষকেও আঙুলের ইশারায় নাচিয়ে ছাড়েন।
অ্যান্ডারসন-ব্রডের মতো বোলারদেরও যেন কাল সম্মোহিত করে ফেলেছিলেন। ১১ চার ও ২ ছয়ে ৮৬ বলে অপরাজিত ১১৭। ১৩৬ স্ট্রাইক রেটের ইনিংস শুনলেই মনে হয় পেশিশক্তির প্রদর্শনী। কিন্তু সাঙ্গাকারার ব্যাটিংয়ে এটি ছিল না কখনোই! যথারীতি খেলেছেন চোখ আর মনকে প্রশান্তি দেওয়া সব শট। বড় রান তাড়ায় কখনোই মনে হয়নি চাপে ছিলেন। নিয়ন্ত্রিত আগ্রাসনের অপূর্ব উদাহরণ।
ইনিংসটির মাহাত্ম্য এতটাই যে, ওপেনার থিরিমান্নে অপরাজিত ১৩৯ রান করলেও ম্যাচসেরা সাঙ্গাকারাই। খেলা যাঁরা দেখেছেন, খুব বেশি দ্বিমতও করতে পারবেন না। ৩০ বার ম্যাচসেরা হয়ে ছুঁলেন অরবিন্দ ডি সিলভাকে, শ্রীলঙ্কার সর্বকালের সেরা বাটসম্যান বাছতে এই দুজনের লড়াই দেখেন বেশির ভাগ লোকে। শ্রীলঙ্কার হয়ে এর চেয়ে বেশিবার ম্যাচসেরা শুধু সনাৎ জয়াসুরিয়া, ৪৮ বার।
ক্রিস গেইলের বিস্ফোরক ব্যাটিংয়ে চোখ ধাঁধিয়ে যায়, ডি ভিলিয়ার্সের পেশি আর উদ্ভাবনী ব্যাটিংয়ে চোয়াল ঝুলে যায়। পাশাপাশি আছেন সাঙ্গাকারা। অন্য এক জাত, অন্য ধরন। তবে একই রকম বিনোদন, একই রকম মুগ্ধতা-জাগানিয়া বিস্ময়!
টি-টোয়েন্টি ছেড়েছেন, ওয়ানডেও ছাড়ছেন বিশ্বকাপ দিয়ে। রঙিন পোশাকের শেষ মুহূর্তগুলো সাঙ্গাকারা কী দারুণভাবেই না রঙিন করে তুলছেন!
এই বিশ্বকাপে সাঙ্গাকারা
৩৯ রান বিপক্ষ নিউজিল্যান্ড
৭ রান বিপক্ষ আফগানিস্তান
১০৫* রান বিপক্ষ বাংলাদেশ
১১৭* রান বিপক্ষ ইংল্যান্ড