বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ কীভাবে বলবেন? বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে ওরা। ভারত-শ্রীলঙ্কাকে হারিয়েই তো ফাইনালে উঠেছে!
মুগ্ধতা নিয়ে ফিরল পাকিস্তান
নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি আছে। শিরোপা জয়ের তৃপ্তিও আছে। তবে পাকিস্তানি ক্রিকেটারদের কণ্ঠে এর চেয়ে অনেক বেশি শোনা যাচ্ছে বাংলাদেশ-স্তুতি!একদিক থেকে ভাবলে সেটা হওয়ারই কথা। মহাদেশীয় এই টুর্নামেন্টে পাকিস্তানের বিস্ময়কর রকমের বাজে পারফরম্যান্স মোটামুটি ভদ্রস্থ হতে পারল তো বাংলাদেশের সৌজন্যেই। দুবার শিরোপা জিতল এই টুর্নামেন্টের, দুবারই বাংলাদেশে! পাকিস্তান এখন দাবি করতে পারে, এশিয়া কাপ প্রতিবারই বাংলাদেশে আয়োজন করা হোক! তবে ‘পয়া ভেন্যু’ বলে নয়, মিসবাহ-আফ্রিদি-হাফিজরা মুগ্ধ বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে।মুগ্ধতা এতটাই যে, নিজেরাই নানাভাবে আগ বাড়িয়ে তুলে আনছেন বাংলাদেশের প্রসঙ্গ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক মিসবাহ বা ম্যাচসেরা আফ্রিদি নন, পাকিস্তান কী মনে করে যেন পাঠিয়েছিল মোহাম্মদ হাফিজকে। ম্যাচ জয়ের অনুভূতি বলতে গিয়ে ‘প্রফেসর’ শুরুতেই আনলেন বাংলাদেশকে, ‘পুরো টুর্নামেন্টে বাংলাদেশ যে সাহসিকতা দেখিয়েছে, আমাদের সবারই উচিত সেটার প্রশংসা করা। অসাধারণ কিছু পারফরম্যান্স ছিল ওদের। নিজেদের ওপর ওদের বিশ্বাস ছিল দারুণ। বলতেই হবে, বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটের উঠতি বড় শক্তি।’হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে দুই দলের মাঝে ব্যবধান ছিল স্রেফ দুটি রানের। ম্যাচের যেকোনো পর্যায়ে একটু এদিক-সেদিক হলে ট্রফিটা উঠতে পারত মুশফিকুর রহিমের হাতেও! শিরোপা জিতে নিজেদের ভাগ্যবান মানছেন হাফিজও, ‘বলতে পারেন, কখনো কখনো ওরা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তবে শিরোপা জিতে আমরা নিজেদের ভাগ্যবান মানছি। বোলারদের কৃতিত্বটা দিতেই হবে। শেষের দিকে দারুণ চাপের মাঝেও বোলাররা স্নায়ু ধরে রাখতে পেরেছে।’এমন উত্তেজনাময় ফাইনাল শেষেও এক ভারতীয় সাংবাদিক যথারীতি প্রশ্ন তুললেন, ফাইনালের প্রতিপক্ষ হিসেবে ভারত-শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ সহজ ছিল কি না! দারুণ এক কভার ড্রাইভে যেন প্রশ্নটিকে বাউন্ডারিতে পাঠালেন হাফিজ, ‘বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ কীভাবে বলবেন? বিশ্ব চ্যাম্পিয়ন ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে ওরা। ভারত-শ্রীলঙ্কাকে হারিয়েই তো ফাইনালে উঠেছে! আজও (পরশু) ওরা প্রায় জয়ের পথেই ছিল। আমার মনে হয়, এসব প্রশ্ন না তুলে বাংলাদেশ এই টুর্নামেন্টে যেভাবে খেলেছে এবং যেমন লড়াকু মানসিকতা দেখিয়েছে, সেটার জন্য প্রাপ্য কৃতিত্বটা দেওয়া উচিত।’দুই দলের মাঝে চুল পরিমাণ যে ব্যবধান, সেটা পাকিস্তানের বোলারদেরই গড়ে দেওয়া বলে মনে করেন এই অলরাউন্ডার, ‘এমন ফাইনালই হয়তো সবাই দেখতে চেয়েছিল। শেষ বলে পর্যন্ত যে কেউ জিততে পারত। শেষ পর্যন্ত আমাদের বোলাররা চাপটা ভালোভাবে সামলাতে পেরেছে। আইজাজ চিমার ওপর আমাদের বিশ্বাস ছিল, ও দারুণ আত্মবিশ্বাসী ছিল।’ম্যাচসেরা পুরস্কার নিতে গিয়ে শহীদ আফ্রিদিও বললেন বাংলাদেশের কথা, ‘দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আমাদের চাপে ফেলে দিয়েছিল, আজ (পরশু) তো হারিয়েই দিচ্ছিল। সাকিব, নাসিরের মতো ছেলেদের কৃতিত্ব দিতেই হবে, দারুণ খেলেছে ওরা।’ আর সংবাদ সম্মেলনে না এলেও পুরস্কার বিতরণী মঞ্চে ঠিকই বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করতে ভোলেননি মিসবাহ, ‘বাংলাদেশ অসাধারণ খেলেছে, সত্যি বলতে এটা যেন নতুন এক বাংলাদেশ! ওরাই সত্যিকারের বিজয়ী!’হাতে ট্রফি ওঠেনি, রোল অব অনারে নাম খোদাই করা থাকবে না। কিন্তু এই প্রাপ্তিগুলোই বা কম কী! কোটি কোটি দেশবাসী, বিশ্বজুড়ে অগুনতি ক্রিকেটপ্রেমীর তো বটেই, মাঠের প্রতিদ্বন্দ্বীর মনও জয় করতে পেরেছে যে দল, তারা তো একদিকে বিজয়ীই!