
গত পরশু পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ বলব ইতালি-ইংল্যান্ড। আনন্দদায়ক, দৃষ্টিনন্দন, উপভোগ্য... শব্দগুলো খুব যাচ্ছে এই ম্যাচের সঙ্গে। কোনো বাজে ট্যাকল নেই, যেটা আলাদা করে চোখে পড়েছে। আসলে ‘ফুটবল’ খেলেছে দুদলই। ফুটবলের সত্যিকারের সৌন্দর্য মেলে ধরেছে ষোলো আনা। এতটা ভালো ম্যাচ দেখব আশা করিনি। আমার সব প্রত্যাশাই ছাড়িয়ে অন্য মাত্রায় পৌঁছেছে ম্যাচটা।
ইতালি ২-১ গোলে জিতল, যোগ্যতর দল হিসেবেই। হারলেও ইংল্যান্ডের তারুণ্যনির্ভর দলকে বেশ চনমনে লাগল। তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়ে হজসন যে ভুল করেননি, প্রথম ম্যাচে তা অন্তত প্রমাণিত। স্টার্লিংসহ অন্য তরুণেরা বেশ ভালো খেলেছেন। একইভাবে সিজারে প্রানদেল্লির তরুণ তুর্কিদের মাঠে কার্যকর ভূমিকাও প্রশংসা পাবে।
শেষ পর্যন্ত যে প্রানদেল্লির মুখে হাসি থাকল, তার পেছনে বড় অবদান অবশ্য কোনো তরুণ ফুটবলারের নয়—বহুযুদ্ধের পোড়-খাওয়া সৈনিক আন্দ্রেয়া পিরলোর। পাঁচ, দশ, কুড়ি, কিংবা ত্রিশ গজ লম্বা পাস এত নিখুঁতভাবে দিয়েছেন ইতালির এই প্লে-মেকার, মাঠে ২২ খেলোয়াড়ের মধ্যে মনে হলো পিরলোই আলাদা। অসাধারণ খেললেন। প্রানদেল্লির হাতে পিরলো ছিল বলেই জিতেছেন তিনি।
হজসনের অস্ত্রের নাম ওয়েইন রুনি, যিনি আসলে কাগুজে বাঘ, আবারও তা দেখলাম। অহেতুক এই ভোঁতা, ধারহীন অস্ত্রে প্রতিনিয়ত শাণ দেয় ব্রিটিশ মিডিয়া। দু-তিনটি সুযোগ নষ্ট করে রুনি দেখালেন, হঠাৎ পাওয়ার কাজে লাগিয়ে কিছু করতে পারলেও মানের দিক থেকে তিনি অনেক পেছনে। এখানেই পার্থক্যটা বোঝা যায়। কৌশলগতভাবে দু-একজন খেলোয়াড়ের ব্যক্তিগত ঝলকই ম্যাচের শেষ কথা, পিরলো তা ফের মনে করালেন।
বয়স যে ৩৫ হলো, বোঝাই কঠিন। ম্যাচ পাঁচ-সাত মিনিট গড়ানোর পর পিরলো এমনভাবে ধরে নিলেন যে, মনে হচ্ছিল মাঠে রাজত্ব করতেই নেমেছেন। এদিন বুফন না থাকায় অধিনায়কের বাহুবন্ধনীও ছিল তাঁর হাতে। সত্যিকারের নেতার মতোই লাগল। যেটার অভাবে ইংল্যান্ড পেরে উঠল না।
একটা জায়গায় দুদলের ব্যবধানটা স্পষ্ট, দ্রুত লম্বা বল দুদলই বাড়ালেও কাজটা ইতালি করেছে ভালোভাবে। ইতালির আক্রমণ যথারীতি ধীরে ধীরে গড়ে উঠেছে ঠিকই, এটাই ওদের খেলার ধরন। কিন্তু এদিন দুই উইংয়ে যেভাবে দ্রুত লম্বা বল বাড়িয়েছে ইতালি, তা সত্যিই চোখ ধাঁধানো।
ফুটবলের সাধারণ ধারা, নিজেদের অর্ধে বল থাকলে প্রতিপক্ষ চাপ দেবেই। কে কত চতুরভাবে সেটি সামাল দিয়ে চোখের পলকে প্রতিআক্রমণে যেতে পারে, তার ওপরই ম্যাচের ফল নির্ভর করে অনেকটা। ইংল্যান্ড এ ক্ষেত্রে আশি পেলে ইতালির পাওয়া উচিত একশতে এক শ ।
ইতালির অর্ধে বল এনে যখন চাপ তৈরির চেষ্টা করছে ইংল্যান্ড, ঠিক এ পরিস্থিতিতে ইতালিয়ানরা চট করে খেলাটার মোড় ঘুরিয়ে দিয়েছে অন্যদিকে। অন্য সময় দেখতাম ইতালি আড়াআড়ি পাস খেলে বেশি, কিন্ত ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওরা সেই পুরোনো খোলস খানিকটা বদলেছে। লম্বা বল, দ্রুত আক্রমণ...এই ইতালি আগে দেখিনি।
এই ইংল্যান্ডও তো নতুন। ওয়েম্বলিতে বসে ইংল্যান্ডের ম্যাচ দেখার অভিজ্ঞতা আছে আমার। পরশুর মতো ইংল্যান্ডকে এত সুন্দর এবং আকর্ষণীয় ফুটবল খেলতে খুব কমই দেখেছি। রাত জেগে ম্যাচ দেখা সার্থক।
হার দিয়ে শুরু করায় ইংল্যান্ড চাপে পড়ল, তবে মনে হচ্ছে গতবার প্রথমপর্ব থেকেই বিদায় নেওয়ার ক্ষত শুকিয়ে এবার নতুনভাবে এসেছে ইতালি। অনেক দূর যাওয়ার আভাস দিয়ে শুরু করল প্রানদেল্লির দল। পিরলোর মতো চওড়া কাঁধ আছে যেখানে, প্রথম ম্যাচ থেকেই ইতালি শিরোপার দাবি জানিয়ে রাখল ভালোভাবে।
উরুগুয়ের কথা একটু না বললেই নয়। গতবারের তৃতীয় স্থান পাওয়া দলটি প্রথম ম্যাচে মূলত কোস্টারিকার গতির কাছেই আত্মসমর্পণ করল। রক্ষণে সমস্যা অস্কার তাবারেজের দলকে বেশ ভূগিয়েছে। গতবারের কয়েকজন খেলোয়াড় আছেন, কয়েকজন নেই। বড় শক্তি লুইস সুয়ারেজ চোট থেকে সেরে না ওঠায় দলের শক্তি খর্ব হয়েছে। এই উরুগুয়ের বিপক্ষে কোস্টারিকার খুনে মানসিকতা সত্যিই দুর্দান্ত লাগল।