মুচলেকা দিয়ে ঢুকতে হচ্ছে তামিমকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের শেষ মুচলেকায়। এশিয়া কাপে বাংলাদেশের ১৪ জনের দলে যোগ হলেন তামিম ইকবাল। আজই হোটেলে উঠবেন, তবে জাতীয় দলে প্রবেশাধিকার পেতে তাঁকে দিতে হচ্ছে একটি চিঠি। সে চিঠিতে তিনি বোর্ডকে প্রতিশ্রুতি দেবেন, দলের সব নিয়মকানুন মেনে চলবেন।সূত্র জানিয়েছে, কাল রাতে তামিমকে লিখিত এই প্রতিশ্রুতি দিতে বলেছেন স্বয়ং বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। এর আগে কাল সন্ধ্যায় তামিমকে দলে আনা নিয়ে রীতিমতো নাটকই হয়ে গেছে একটা। আগের দিন ফিটনেস টেস্টে উতরেছেন। কাল সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়ক দুজনই দলে চেয়েছেন তাঁকে। কিন্তু তামিমকে দলে নেওয়ার ব্যাপারে ইংল্যান্ড সফররত বোর্ড সভাপতি প্রথমে না-ই বলে দিয়েছিলেন। তিনি বলে দেন, ১৪ সদস্যের দলই থাকবে। তামিমকে যেন না নেওয়া হয়।এর আগে ফিটনেসের ধুয়ো তুলে তামিমকে নির্বাচকদের দল থেকে স্ট্যান্ডবাই বানিয়ে দিয়েছিলেন সভাপতি। ফিটনেস পরীক্ষায় পাস করার পর তাঁকে দলে না নেওয়াটা জন্ম দিত নতুন বিতর্কের। ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেনের নির্দেশে তাই টেলিফোনে সভাপতির সঙ্গে এ নিয়ে কথা বলেন অলিখিতভাবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া মিনহাজুল আবেদীন। বোর্ড সভাপতি সংশয় প্রকাশ করেন, দলে নিলেও তামিম আদৌ শৃঙ্খলা মেনে চলবেন কি না। সাম্প্রতিক সময়ে তামিম বিভিন্ন বিতর্কের জন্ম দেওয়াতেই এই সংশয়। মিনহাজুল আশ্বস্ত করতে চাইলে সভাপতি দেন ওই শর্ত—দলে আসতে হলে মুচলেকা দিতে হবে তামিমকে।তামিম প্রস্তাবে রাজি হয়েছেন বলেই জানা গেছে। তবে নাটক শেষ হতে হতে রাত হয়ে যাওয়ায় কালই আর চিঠিটা দিতে পারেননি। আজ সেটা দিয়েই হোটেলে উঠবেন তিনি।