মুচলেকা লাগেনি তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মুহূর্তে নতুন কিছু জানছেন তামিম ইকবাল। কখনো জানেন তিনি দলে নেই, কখনো শোনেন আছেন। কেউ বলে ফিটনেস পরীক্ষা দাও। কেউ বলে মুচলেকা দাও। গত কয়েকটা দিন এভাবে পার করে অবশেষে কাল মুচলেকা না দিয়েই দলের সঙ্গে হোটেলে উঠেছেন এই বাঁহাতি ওপেনার।পরশু রাতটা অস্বস্তিতে কেটেছে তাঁর জন্য অন্য নিয়ম জেনে—দলে ঢুকতে হলে মুচলেকা দিতে হবে। ফিটনেস টেস্ট উতরে যাওয়ার পরও বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল বিদেশ থেকে শর্ত দিয়েছিলেন, দলে ঢুকতে হলে তামিমকে লিখিত প্রতিজ্ঞা করতে হবে, তিনি দলের নিয়মশৃঙ্খলা মেনে চলবেন। ক্রিকেট ইতিহাসে এ জাতীয় কথা কখনো শোনা যায়নি। কারণ, জাতীয় দলের ক্রিকেটাররা এমনিতেই কোড অব কন্ডাক্টের শৃঙ্খলে নিয়ন্ত্রিত। নিয়মশৃঙ্খলা মানার বাধ্যবাধকতা সবার জন্যই আছে। সেখানে তামিম কেন আলাদা করে এমন একটি মুচলেকা দেবেন, সেটি কাল সারা দিনেও ক্রিকেটাঙ্গনের কেউ বুঝে উঠতে পারেননি। বুঝতে না পেরে শেষমেশ অনেকেই উপসংহার টেনেছেন—বোর্ড সভাপতি তাঁর ক্ষমতা বোঝাতেই দিয়েছিলেন শর্তটা।তবে কাল সকালে অনুশীলনের সময়ই জানা গেছে, তামিমকে কথিত মুচলেকা দিতে হচ্ছে না। মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন। বোর্ড সভাপতির ‘দাবি’র অযৌক্তিকতাও প্রমাণিত তাঁর সিদ্ধান্তে, ‘আমি মনে করি না, এর প্রয়োজন আছে। খেলোয়াড়দের জন্য তো কোড অব কন্ডাক্ট আছেই।’তামিম মুচলেকা না দিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ায় বোর্ড সভাপতি যদি গোস্বা করেন, সেটি দেখার দায়িত্বও নাকি নিয়েছেন এনায়েত হোসেন। নিজে ক্রিকেটার ছিলেন বলে ক্রিকেটীয় শিষ্টাচার ভালোই জানেন ভদ্রলোক। মুচলেকা দেওয়ার শর্তটিকে ক্রিকেটীয় ভব্যতার বাইরের কিছুই মনে হয়েছে তাঁর কাছে। সভাপতির অদ্ভুত শর্ত পূরণের হাত থেকে তাই বেঁচে গেলেন তামিম।তামিমকে আলাদা করে মুচলেকা দিতে বলার একটি কারণ হতে পারে, সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে কিছু বিতর্ক, যার মধ্যে অন্যতম পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি না খেলা। কারণ হিসেবে চোটের কথা বললেও গুঞ্জন আছে, কোচ স্টুয়ার্ট ল-র সঙ্গে দ্বন্দ্বের কারণে তামিম ইচ্ছা করেই খেলেননি ম্যাচটি। কিন্তু বিসিবি যদি সেটা নিশ্চিতই হয়ে থাকে, তখনই কেন শৃঙ্খলাভঙ্গের শাস্তি দেওয়া হলো না তামিমকে? সেটার জের ধরে এখন কেন ফিটনেস টেস্ট আর মুচলেকার নাটক সাজানো!কারণ হয়তো এটাই—সোজা পথে না চলে উল্টো পথে হাঁটতেই বেশি ভালো লাগে বিসিবির।