
নিজের দ্বিতীয়, ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ক্লিন্ট ম্যাকাই তুলে নিলেন কেভিন পিটারসেনকে। পরের দুই বলে ট্রট ও রুটকে ফিরিয়ে দিয়ে ম্যাকাই ভাসলেন ওয়ানডের ৩৪তম হ্যাটট্রিকের আনন্দে। ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা ইংল্যান্ড তখন ৩ উইকেটে ৮ রানের দল। স্কোরকার্ডের দিকে তাকিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক হয়তো তখন সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই শুরু করেছিলেন। সবই মাটি। ম্যাকাইয়ের হ্যাটট্রিক-আনন্দ মুছে দিয়ে ইংল্যান্ডকে সিরিজে সমতায় (১-১) ফেরালেন জস বাটলার।সাতে নেমে ২৩ বছর বয়সী খেললেন ৪৮ বলে ৬৫ রানের হার না মানা ইনিংস। ৫ চারের সঙ্গে ছক্কা দুটি। কার্ডিফে কাল চতুর্থ ম্যাচে ইংল্যান্ডও পেয়েছে ৩ উইকেটের জয়। প্রাথমিক বিপর্যয়টা সামলেছেন অধিনায়ক মরগান ও কারবেরি। চতুর্থ উইকেটে যোগ করেন ১০৪ রান। মরগান ১৯তম এবং কারবেরি পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। তবে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়েছে মূলত বাটলার ও স্টোকসের ৫৭ বলে ৭৫ রানের সপ্তম উইকেট জুটিতে। অস্ট্রেলিয়ার ইনিংসটাকে ভাগ করা যায় তিন ভাগে—শুরুর বিপর্যয়, মাঝের প্রতিরোধ ও শেষে হুড়মুড় করে ভেঙে পড়া। ইনিংসের প্রথম বৈধ বলেই আউট ফিঞ্চ, ৫৭ রানেই অস্ট্রেলিয়া হারায় ৪ উইকেট। পরে ভোজেস ও ওয়েডকে নিয়ে স্কোরটাকে ২০৯তে নিয়ে যান বেইলি। ২৬তম ইনিংসেই ওয়ানডেতে হাজার রান পুরো করা বেইলি করেন ৮৭ রান। ২০৯ থেকে ২২৭—১৯ রানে পড়েছে অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট।
প্রথম ও তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজটি কার্যত হয়ে গেছে তিন ম্যাচের। আগামীকাল শেষ ম্যাচটি তাই হয়ে যাচ্ছে সিরিজ নির্ধারণী। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৪৮.২ ওভারে ২২৭ (বেইলি ৮৭, ওয়েড ৩৬, ভোজেস ৩০, মার্শ ২৫, ক্লার্ক ২২; ট্রেডওয়েল ৩/৫৩, র্যাঙ্কিন ২/৩১, ফিন ২/৪৩, স্টোকস ১/৪২, বোপারা ১/৪৫)।
ইংল্যান্ড: ৪৯.৩ ওভারে ২৩১/৭ (বাটলার ৬৫*, কারবেরি ৬৩, মরগান ৫৩, স্টোকস ২৫; ম্যাকাই ৪/৩৯, কোল্টার-নাইল ১/৩৪, ফকনার ১/৪৩, ওয়াটসন ১/৪৩)।
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জস বাটলার।