মুদ্রায় বেনো
কয়েনটা দেখলেই সবার আগে মুদ্রিত একটি ছবি চোখে পড়বে। তা হলো মাইক্রোফোন হাতে পরিপাটি এক ভদ্রলোক। তাঁর পেছনে এক ব্যাটসম্যান, অনসাইডে উড়িয়ে মারার স্টান্স নিয়ে আছেন। আর কয়েনের কোণে খোদাই করা ছবিটি গ্যালারিতে বসা বিশেষ এক ভক্তকুলের—দ্য রিচিস!
নামটা শুনেই বুঝে গেছেন, মাইক্রোফোন হাতে ভদ্রলোকটি রিচি বেনো। কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক ও ধারাভাষ্যকারকে সম্মান জানাতে পঞ্চাশ সেন্টের একটি মুদ্রা বের করেছে রয়্যাল অস্ট্রেলিয়ান মিন্ট। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দিবারাত্রির টেস্টের টসও হয়েছে এই কয়েন দিয়ে।
সব মিলিয়ে মোট ৯৫ হাজার ৯২৯টি কয়েন তৈরি করা হয়েছে। সংখ্যাটির বিশেষত্ব, ক্যারিয়ারজুড়ে বেনোর রান, বল ও উইকেটের যোগফল এটি। এর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে শুধু একজনের সম্মানেই এমন কয়েন বানানো হয়েছিল—ডন ব্র্যাডম্যান। ক্রিকইনফো, বিবিসি, এএফপি।