মুমিনুলের জন্যই খুশিটা বেশি হচ্ছে তামিমের
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের টেস্ট জয় তো স্বপ্ন সত্যি হওয়ার মতোই রোমাঞ্চকর। ঐতিহাসিক এই জয়ে দলের সঙ্গে ছিলেন না দলের নিয়মিত বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। তাঁদের মধ্যে তামিম ইকবাল একজন। বাংলাদেশে অবস্থান করলেও দূর নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তামিমকে। অবিস্মরণীয় টেস্ট জয়ে দলের সবার তো অবদান দেখছেনই। তবে একজনকে বিশেষ কৃতিত্ব দিতে চান তামিম। তিনি অধিনায়ক মুমিনুল হক।
আজ রাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের নগদের প্রচারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসে দর্শকদের সঙ্গে সরাসরি জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন তামিম। সেখানে মুমিনুল প্রসঙ্গে তামিম বলেন, ‘এখানে পুরো খেলায় অনেকেরই অবদান আছে। ব্যাটসম্যানরা রান করেছে, ইবাদত দারুণ স্পেল করেছে। ইবাদতের আগে শরিফুলের কথা বলতে হয়। তাসকিনের কথা বলতে হয়। মিরাজ হয়তো এত বেশি উইকেট পায়নি, তবে যেভাবে সে বল করেছে, আনরিয়েল। আমার কাছে মনে হয়, মিরাজের অন্যতম সেরা একটি স্পেল আমি দেখেছি। সবাইকে বাদ দিয়ে আমি একজনের কথা অবশ্যই আলাদা করে বলতে চাই। সে হলো মুমিনুল, আমাদের টেস্ট অধিনায়ক।’
মুমিনুলকে বিশেষ কৃতিত্ব দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তামিম। অভিজ্ঞ এই ক্রিকেটার টেস্ট অধিনায়ক সম্পর্কে বলেন, ‘টেস্ট ক্রিকেট বাংলাদেশের জন্য অবশ্যই অনেক কঠিন। কারণ, আমরা সব সময় অত ভালো ফল বের করে আনতে পারি না। হয়তো আমাদের যতটা উন্নতি করার কথা ছিল, আমরা এখন পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছাইনি। ও (মুমিনুল) টেস্ট দলের অধিনায়ক। ওর জন্য এটা খুব কঠিন কাজ। যতগুলো নেতিবাচক বিষয়...ধরুন, ম্যাচ হারছে, আলোচনা হচ্ছে। সবকিছু সবচেয়ে বেশি ওকেই সইতে হয়। অনেক কিছুর মধ্যে দিয়ে ওকে যেতে হয়। তারপরও ওর মধ্যে সব সময় একটা জিনিস দেখতাম—বিশ্বাস। সে মনে করত, এই দলকে সে বদলে দিতে পারবে। সে মনে করত ‘‘এই দলটাকে নিয়ে আমি ভালো কিছু করতে পারব। সেটা দেশে হোক বা বিদেশে।’’’
তাই মুমিনুলকে নিয়ে একটু বেশি খুশি তামিম, ‘এটাই হয়তো ওর (মুমিনুল) ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। সেটা অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে। ওর জন্য যে কী পরিমাণ খুশি হয়েছি! আমি পুরো দল নিয়ে খুশি, পুরো দেশের জন্য খুশি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুমিনুলকে নিয়ে যে কী পরিমাণ খুশি হয়েছি! কারণ, আমি জানি, সে কী করতে চেয়েছিল। এই দলের সঙ্গে যারা জড়িত, সবাইকেই কৃতিত্ব দিতে হবে। কিন্তু মূল কৃতিত্বটা দেওয়া উচিত মুমিনুল হককে।’
নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয়ের মাহাত্ম্য অনেক বেশি। ম্যাচে যোগ্য দল হিসেবেই বাংলাদেশ জিতেছে বলে মনে করেন তামিম, ‘প্রথমত, এটা যে কত বড় অর্জন, এটা বলে বোঝানো যাবে না। অনেক বড় বড় দল ওখানে গিয়ে ভালো করতে পারে না। তারা বর্তমানে বিশ্বের সেরা দল। আমি যদি ভুল না করি, তারা শেষ ৫ বছরে দেশের মাটিতে কোনো টেস্ট ম্যাচ হারেনি। আপনি যদি পাঁচ দিনের কথা চিন্তা করেন, তাতে পাঁচ দিনের প্রতিটা দিনই বাংলাদেশ ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। শেষ পর্যন্ত পঞ্চম দিনে এসে জয় পেয়েছে।’