মুমিনুলের মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছিল দক্ষিণ আফ্রিকাই
কোনো জয়ের পর ড্রেসিংরুমে ‘আমরা করব জয়’ গান গাওয়ার রীতিটা বাংলাদেশ দলের বেশ পুরোনো। সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডেতে জিতে ঐতিহাসিক সিরিজ জেতার পরও তামিম ইকবালরা সেটি করেছেন। গোল হয়ে দাঁড়িয়ে গানের সুরে গলা মেলাচ্ছিলেন সবাই, নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মুখে হাসিটাও স্পষ্ট ছিল আরও সবার মতো। এ সিরিজেই দলের সঙ্গে যোগ দিয়েছেন, বাংলা গানের কথাটা খুব পরিচিত হওয়ার কথা ছিলও না তাঁর। আর কয়েক দিন গেলে নিশ্চয়ই ডোনাল্ডও ‘অভ্যস্ত’ হয়ে যাবেন!
বাংলাদেশ দল অবশ্য দক্ষিণ আফ্রিকান কোচদের সঙ্গে অভ্যস্ত বেশ কিছুদিন ধরেই। দলে দক্ষিণ আফ্রিকান কোচদের সংখ্যা বোঝাতে তো এবার টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেই দিলেন, যেন দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে খেলছে আরেকটি দক্ষিণ আফ্রিকা দল!
প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দলের সঙ্গে আছেন ২০১৯ সাল থেকেই। সম্প্রতি যোগ দিয়েছেন ডোনাল্ড। সিরিজের আগে পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন সাবেক অলরাউন্ডার ও নামিবিয়ার এখনকার সহকারী কোচ অ্যালবি মরকেল। জেমি সিডন্স যোগ দেওয়ার আগে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স, তাঁর আগে ছিলেন আরেকজন—নিল ম্যাকেঞ্জি। শেন ম্যাকডারমটের আগে পূর্ণ মেয়াদে ফিল্ডিং কোচও ছিলেন দক্ষিণ আফ্রিকার রায়ান কুক।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, স্বাগতিক দেশের কোচিং স্টাফ নিজেদের দলে থাকলে বাড়তি সুবিধাই মেলে, ‘ওয়ানডেতে আপনারা দেখেছেন, মনে হচ্ছিল পুরো দক্ষিণ আফ্রিকা দলই খেলছিল। চার-পাঁচজন, দুই-তিনজন (দক্ষিণ আফ্রিকান) ছিলেন কোচিং স্টাফে। একটা দেশের বিপক্ষে খেলতে গেলে যদি সে দেশের কোচিং স্টাফ আপনার দলে থাকে, তাহলে আপনার জন্য কিছুটা হলেও ইতিবাচক হবে।’
তাঁদের উপস্থিতি বাড়তি সমর্থন জোগাবে বলেও মনে করেন মুমিনুল, ‘এ কন্ডিশনে কীভাবে ব্যাটিং করতে হয়, কীভাবে বোলিং করতে হয় (এসব তথ্য পাওয়া যায় তাদের কাছ থেকে)। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এগুলো বাড়তি সমর্থন জোগাবে সবাইকেই।’
এমনিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশের টেস্ট দলও দক্ষিণ আফ্রিকা সফরে গেছে ওয়ানডে দলের কাছাকাছি সময়েই। শুরুতে গ্যারি কারস্টেনের একাডেমিতে আলাদা করে অনুশীলনও করেছেন তাঁরা। তবে ডারবানের কন্ডিশন চ্যালেঞ্জ হতে পারে মুমিনুলদের জন্য, প্রথম টেস্টে বৃষ্টির সম্ভাবনাও আছে। মুমিনুল বলছেন, পার্থক্য গড়ে দিতে পারে এসব, ‘সব দেশেই আবহাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করে। অনেক বড় “ফ্যাক্টর” হতে পারে। ব্যাটিং হোক, বোলিং হোক সব দিক দিয়েই।’