মুমূর্ষু চট্টগ্রাম আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সঙ্গে খেলোয়াড় ১৪ জন। কোচ নেই। দুজন কর্মকর্তা এবং দুজন বলবয়। এক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব কোচিং। কোচবিহীন দলটা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কোনো রকমে লিগটা শেষ করলেই তারা বাঁচে!চট্টগ্রাম আবাহনী এমন দুঃসময়েরই পাকে। বাংলাদেশ লিগে ১৭ ম্যাচে পাঁঁচটিতে ড্র করতে পারাই বড় ‘কৃতিত্ব’ দলটির। অলৌকিক কিছু না ঘটলে পেশাদার লিগ থেকে এবার চট্টগ্রাম আবাহনীর বিদায় নিশ্চিত। মাত্র ৫ পয়েন্ট নিয়ে তালিকায় সর্বনিম্ন চট্টগ্রাম আবাহনীর ঠিক ওপরের জায়গাটায় চট্টগ্রামেরই আরেক দল মোহামেডান (১৩ পয়েন্ট)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের কাছে ৩-১ গোলে হেরে চট্টগ্রাম আবাহনী নিশ্চিত অবনমনের দিকে পা দিয়েছে।চার খেলোয়াড় আসিফ, ধীমান, মামুন, শামীম লিগের তিন ম্যাচ পরই দল ছেড়েছেন। দ্বিতীয় পর্বের প্রথম থেকে দুই বিদেশি অলম্বি, পিটার, অধিনায়ক মাসুদ এবং গোলরক্ষক জাহাঙ্গীর ক্যাম্প ছেড়েছেন। বিদেশিদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা ছিল। জানা গেছে, স্থানীয় খেলোয়াড়দেরও দল ছেড়ে যাওয়ার অন্যতম কারণ আর্থিক। মাসুদ কাল কক্সবাজার থেকে ফোনে বললেন, ‘দলীয় ব্যবস্থাপনা ভালো ছিল না। কর্মকর্তারা দলটার হাল ছেড়ে দিয়েছেন। আর্থিক কারণও ছিল।’এ অবস্থায় হাল ধরেছেন নতুন অধিনায়ক শওকত খান। একসময় ঢাকা আবাহনীতে খেলা ডিফেন্ডার কাল ম্যাচের পর দুঃখ করে বলছিলেন, ‘গত তিন মৌসুম চট্টগ্রাম আবাহনীর ব্যবস্থাপনা ভালো ছিল। কিন্তু এবার যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দলটাকে সংগঠিত করতে পারেননি। তা ছাড়া কোচ আবুল কাশেম ভাই বাংলাদেশ লিগের জন্য অনুপযুক্ত অনেক খেলোয়াড় নিয়েছেন। সব মিলিয়েই আজকের এ অবস্থা।’তাঁর কথা, ‘শামসু ভাই (ক্লাবের মহাসচিব সাংসদ শামসুল হক চৌধুরী) একাই দলটাকে বাঁচিয়ে রেখেছেন। টাকা-পয়সা দিয়ে তিনি আমাদের খেলতে পাঠান। আর কেউ খবরও রাখে না। কোচ কাশেম ভাই চলে গেছেন। বুঝুন অবস্থা!’দলটির ক্যাম্প চলছে নামকাওয়াস্তে। বিদেশিসহ ১০ জন খেলোয়াড়কে হোটেলে রাখা হয়েছে। চট্টগ্রামের স্থানীয় ৪ জন খেলোয়াড় বাসা থেকে এসে অনুশীলন করেন এমএ আজিজ স্টেডিয়ামে। হোম ভেন্যু কক্সবাজার হলেও সেখানে এখন আর ক্যাম্প হচ্ছে না চট্টগ্রাম আবাহনীর। লিগে টিকে থাকার কোনো চেষ্টাও আর নেই। শেষকৃত্যের আনুষ্ঠানিকতাই বাকি।এই দলের বিপক্ষে ব্রাদার্সের (পঞ্চম স্থানে থাকা ব্রাদার্সের পয়েন্ট ১৭ ম্যাচে ২৫) হয়ে গোল তিনটি করেন তরু, ফয়সাল ও কিংসলে। শেষ দিকে ৩-১ করেন শঙ্কর।রাসেলের জয়: ফেনী স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে ১৯ মিনিটে গোল করেন সকারের ফ্রান্সিস। ৫০ মিনিটে ইউসুফের কল্যাণে ১-১ এবং অতিরিক্ত সময়ে আব্বাস ইউনুসার গোলে ২-১ ব্যবধানে জিতে শিরোপা লড়াইয়ে থাকল রাসেল। ১৫ ম্যাচে রাসেলের পয়েন্ট ৩৫, মুক্তিযোদ্ধার ৩৯, শেখ জামালের ৩৮। ১৬ ম্যাচে আবাহনীর ৩৫।আজকের খেলা: শেখ জামাল-চট্টগ্রাম মোহামেডান (৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।