মুম্বাই ও বেঙ্গালুরুর দারুণ জয়
চোট পাওয়া মিচেল জনসনের জায়গায় চুক্তি সই করেছেন মাত্র চার দিন আগে। প্রথম ম্যাচ খেলতে নেমে সেই ডোয়াইন স্মিথ অবিশ্বাস্য এক জয় এনে দিলেন মুম্বাই ইন্ডিয়ানসকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫। প্রথম ৩ বলে ১ উইকেট নিয়ে ২ রান দিলেন বেন হিলফেনহস। চতুর্থ বলে লংঅন দিয়ে ছয়, শেষ দুই বলে টানা দুই চারে দলকে জেতালেন স্মিথ। চেন্নাই সুপার কিংসকে মুম্বাই হারাল ২ উইকেটে। ১৭৪ রান তাড়া করতে নামা মুম্বাইকে জয়ের রাস্তায় রেখেছিল দ্বিতীয় উইকেটে শচীন টেন্ডুলকার (৪৪ বলে ৭৪) ও রোহিত শর্মার (৪৬ বলে ৬০) ১২৬ রানের জুটি।দিনের দ্বিতীয় ম্যাচে ১৮১ রান করেও ৫ উইকেটে হেরেছে ডেকান চার্জার্স। এবি ডি ভিলিয়ার্সের আরেকটি বিধ্বংসী ইনিংসেই ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জিতছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান মাত্র ১৭ বলে করেছেন অপরাজিত ৪৭ রান; হয়েছেন ম্যাচসেরা। এ ছাড়া ৫৪ বলে ৭১ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। ২ উইকেটে ১৮১ করা ডেকানের সর্বোচ্চ স্কোরার শিখর ধাওয়ান (৫২ বলে ৭৩)। ওয়েবসাইট।