কাল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস—দুই দলের সামনেই প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কলকাতা পারলেও পারেনি দিল্লি।উদ্বোধনী ম্যাচে কলকাতাকে ২ রানে হারিয়েছিল চেন্নাই। কাল ইডেন গার্ডেনে সেই চেন্নাইকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১০ রানে হারাল কলকাতা। দিল্লিকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা মুম্বাই ইন্ডিয়ানস কালও শেবাগের দলকে হারাল ৩২ রানে।রাইডুর ৫৯, রোহিত শর্মার ৪৯ ও ব্লিজার্ডের ৩৭ রানের ইনিংসে মুম্বাই গড়ে ৪ উইকেটে ১৭৮ রানের পুঁজি। ৭ রানেই অধিনায়ক শেবাগসহ চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলা দিল্লি ১৪৬ রানে অলআউট।বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে কলকাতার বোলারদের মাপা বোলিংয়ে চেন্নাই ৪ উইকেটে ১১৪ রান তোলে। চার-ছক্কার টি-টোয়েন্টিতে চেন্নাইয়ের প্রথম বাউন্ডারি দশম ওভারের পঞ্চম বলে! ১১৫ রানের লক্ষ্যে কলকাতা ১০ ওভারে ৬১ রান তুলতেই আবার বৃষ্টি। ডি/এল পদ্ধতিতে জিতে যায় কলকাতা।