মুম্বাই-কলকাতার ভেন্যু এখনো প্রস্তুত নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর দূয়ারে বিশ্বকাপ কড়া নাড়ছে। চারিদিকে এক ধরনের সাজ সাজ রব। অংশগ্রহণকারী প্রতিটি দল ঘোষণা করে দিয়েছেন দেশগুলোর ক্রিকেট নির্বাচকেরা। বিভিন্ন কেতার বিজ্ঞাপন, থিম সং আর টেলিভিশন অনুষ্ঠানে ঠাসা এখন স্পোর্টস চ্যানেলগুলো। কিন্তু যে মাঠগুলোতে এই মহাযজ্ঞ বসবে সেগুলোর প্রস্তুতি দেখতে এসে রীতিমতো চক্ষুচড়াকগাছ আইসিসির পরিদর্শক দলের। তিন আয়োজক দেশ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের প্রতিটি ভেন্যুতেই চলছে প্রস্তুতি। কিন্তু সেই প্রস্তুতি এই মুহূর্তে কোন পর্যায়ে তা নিয়ে অনেকের মধ্যেই কাজ করছে সংশয়। গত ১৫ জানুয়ারি বিশ্বকাপ ভেন্যুগুলোর নির্মানকাজ ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে দেওয়ার ডেডলাইন ঘোষণা করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সে হিসেবে তাঁরা বাংলাদেশের দুটো ভেন্যুকে সবুজ সংকেত দিয়ে দিলেও যে দেশে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজিত হবে, সেই ভারতের ভেন্যুগুলোর প্রস্তুতির মন্থরগতি দেখে হতাশই হচ্ছেন আইসিসির প্রতিনিধি দল।গতকাল তাঁরা গিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু সেখানকার প্রস্তুতি নিয়ে যারপরনাই বিরক্ত আইসিসির পরিদর্শক দল। ওয়াংখেড়ে স্টেডিয়াম অনেক পুরনো মাঠ হলেও বিশ্বকাপ উপলক্ষ্যে সেখানে প্রায় ৫৫ মিলিয়ন ডলারের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। কিন্তু তাতে কি, গতকাল পর্যন্ত সেখানকার বেশিরভাগ কাজই নাকি শেষ হয়নি। কেবল তাই নয়, নতুন করে নির্মাণ করা অনেক স্থাপনাই নাকি আইসিসির চাহিদানুযায়ী তৈরী করা হয়নি। গতকাল ওয়াংখেড়েতে গিয়ে সেখানকার যে ব্যাপারটি আইসিসি প্রতিনিধি দলের ভালো লাগেনি, তা হল-সেখানে মিডিয়া বক্সে যে কাঁচ স্থাপন করা হয়েছে, তাতে রাতে ফ্লাড লাইটের আলো পড়লে তা ভয়ঙ্করভাবে প্রতিফলিত হচ্ছে সেন্টার উইকেটে দাঁড়ানো মানুষের চোখে। এমন হলে খেলা চলাকালীন সময়ে ফ্লাডলাইটের আলো তলোয়ারের ফলার মতোই মনে হবে ব্যাটসম্যানদের। এর পাশাপাশি সেখানে তৃতীয় আম্পয়ারের যে বক্স তৈরী করা হয়েছে, সেটিও নাকি আন্তর্জাতিক মান অনুযায়ী সঠিক জায়গায় স্থাপন করা হয়নি।অন্যদিকে, বিশ্বকাপের আরেক ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে এখনো অনেক কাজই নাকি শেষ হয়নি। অথচ আগামী ২৭ ফেব্রুয়ারি এই মাঠেই স্বাগতিক ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের।এদিকে, আইসিসির পরিদর্শক দল এই দুটি ভেন্যু নিয়ে নিজেদের স্পষ্ট বিরক্তি জানিয়ে গেলেও বিচলিত নন স্থানীয় আয়োজকেরা। তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়ে দিয়েছেন, ‘নির্ধারিত সময়েই ভেন্যু দুটি প্রস্তুত হয়ে যাবে।’ আয়োজকদের সঙ্গে অবশ্য গলা মিলিয়েছেন খোদ আইসিসির সভাপতি শারদ পাওয়ার। তিনি বলেছেন, ‘এরপরে ওয়াংখেড়েতে আইসিসির পরিদর্শক দল যখন আসবে, তখন তাঁরা অবাকই হবেন। কারণ তখন সব কাজই শেষ হয়ে যাবে।’আইসিসির ভারতীয় সভাপতিই যখন অগোছালো কাজ সমর্থন করছেন, তখন চাকরিরত প্রতিনিধি দলের সদস্যরা আর কি বলবেন!