মুম্বাইয়ের বড় হার

আইপিএলে আজকের প্রথম খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানস।টসে হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৩ রান তোলে পাঞ্জাব। জবাবে ইনিংসের পাঁচ বল বাকি থাকতে ১৩৩ রানে অলআউট হয় মুম্বাই।
পাঞ্জাবের বড় সংগ্রহের কারিগর ছিলেন আজহার মাহমুদ। ৪৪ বলে ৮০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন তিনি। ৪৭ বলে শন মার্শের সংগ্রহ ৬৩ রান। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লাসিথ মালিঙ্গা। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রানের দেখা পাওয়ার আগেই উইকেট হারায় মুম্বাই। পরবর্তী সময়েও হতাশা কাটেনি দলটির। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন আম্বাতি রাইডু। অধিনায়ক রোহিত শর্মা করেন ২৫ রান। আদিত্য ও পোলার্ড প্রত্যেকের সংগ্রহ ২২ রান করে। পাঞ্জাবের হয়ে আজহার মাহমুদ, সন্দীপ শর্মা ও পীযূষ চাওলা প্রত্যেকে দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন প্রাভিন কুমার, পারবিন্দর আওয়ানা ও অ্যাডাম গিলক্রিস্ট।
উইকেট-শিকারিদের তালিকায় অ্যাডাম গিলক্রিস্টের নাম! হ্যাঁ, নামটা ঠিকই আছে। পাঞ্জাবের জয় নিশ্চিত জেনে আজ ম্যাচের শেষ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন অস্ট্রেলীয় এই উইকেটরক্ষক। এখানেই শেষ নয়, প্রথম বলেই আউট করেন হরভজন সিংকে! মুম্বাইয়ের শেষ ব্যাটসম্যান ধাওয়াল কুলকার্নি ব্যাট করেননি। আরেকটি উইকেট শিকারের সুযোগ না পেয়ে ‘আফসোস’ করতেই পারেন ৪১ বছর বয়সী গিলক্রিস্ট! সূত্র: ক্রিকইনফো।