মুম্বাইয়ে শচীনের অপেক্ষায় ১০০ স্বর্ণমুদ্রা
সবাই অপেক্ষায় রয়েছেন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় তারকার শততম আন্তর্জাতিক সেঞ্চুরিটির। শচীন টেন্ডুলকার নিজেও কি অপেক্ষায় নন! যদিও লোকসম্মুখে তিনি তাঁর শততম আন্তর্জাতিক সেঞ্চুরির ব্যাপারে মানুষের অতি আগ্রহে খানিক বিরক্তিই প্রকাশ করেছেন। তবে বহুকাঙ্ক্ষিত সেই সেঞ্চুরির ব্যাপারে আগ্রহটা বাড়াবাড়ির পর্যায়েই রয়েছে।মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, শততম সেঞ্চুরিটি পেয়ে গেলে শচীন টেন্ডুলকারকে ১০০ স্বর্ণমুদ্রা দিয়ে সম্মানিত করা হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের পরবর্তী টেস্টটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।স্বর্ণমুদ্রা দিয়ে শচীনকে সম্মানিত করার ঘোষণাটি অবশ্য আনকোরা নয়। কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় টেস্টের আগেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এমন একটি ঘোষণাই দিয়েছিল।শচীন টেন্ডুলকার তাঁর শেষ আন্তর্জাতিক সেঞ্চুরিটি করেছিলেন গত মার্চ মাসে। ইডেনে হয়নি। এখন মুম্বাইয়ে ১০০ স্বর্ণমুদ্রা শচীনের হয় কি না, তারই অপেক্ষায় সবাই। টিএনএন।