মুম্বাইয়ের জয়, হার নাইটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন আগে সেঞ্চুরি করেও জয়বঞ্চিত ছিলেন শচীন টেন্ডুলকার। কাল আবার মাঠে নেমে সেই পরাজয়ের দুঃখ ভুললেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক। যুবরাজ সিংয়ের পুনে ওয়ারিয়র্সকে ৭ উইকেটে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানস উঠে এল পয়েন্ট তালিকার দুইয়ে।কিন্তু মাহেলা জয়াবর্ধনের কোচি টাস্ককার্স কেরালাকে হারানোর মোক্ষম সুযোগ পেয়েও হাতছাড়া করল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষকে ১৩২ রানে বেঁধে পরে নিজেরা কিনা ২০ ওভারে মেরেকেটে তুলতে পারল ১২৬ রান। হারিয়েছে ৯টি উইকেট!সাকিব আল হাসান খেলছেন বলে নাইটের ম্যাচ নিয়ে বাংলাদেশে বেশ আগ্রহ। সাকিব বল হাতে কালও ভালো করলেন। ৪ ওভারে ২৮ রানে নিলেন ৩ উইকেট। তিন ম্যাচে তাঁর উইকেট হলো ৭টি। কিন্তু কালই ব্যাট করার প্রথম সুযোগ পেয়ে সাকিব পঞ্চম বলেই মাত্র ২ রান করে বোল্ড। নাইটের পুরো ইনিংসেই ছিল উইকেট আসা-যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ইডেনে এই ম্যাচে শাহরুখ খানের দলের হার ৬ রানে।কাল প্রথম ম্যাচে পুনের ১১৮ রান মুম্বাই তাড়া করল ৩ উইকেট খুইয়ে। তবে সহজ ম্যাচ কত কঠিন করে জেতা যায়, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তারই প্রদর্শনী রেখে মুম্বাই জয়ের মুখ দেখল ইনিংসের শেষ বলে!১৭.২ ওভারে ১১৮ রানে অলআউট হয়েছিল পুনে। মুম্বাইয়ের ইনিংসের শুরুতেই জেমস ফ্রাঙ্কলিনের বিদায়ের পর অধিনায়ক টেন্ডুলকার (৩৫) ও আম্বাতি রাইডু (৩৭) সহজ জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন দলকে। কিন্তু শেষ দিকে জমে ওঠে ম্যাচ। শেষ ওভারে ৫, ২ বলে ২, ১ বলে ১—মুরালি কার্তিকের করা শেষ বলে ছক্কা মেরে কাজ সেরেছেন রোহিত শর্মা। এবারের টুর্নামেন্টে চতুর্থ ম্যাচে এসে প্রথম আউট হয়েছেন টেন্ডুলকার।