মুম্বাইয়ের বিপক্ষেই ফিরলেন সাকিব
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দলে ছিলেন সাকিব আল হাসান। ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ায় পরের ম্যাচে তাঁকে খেলানো হয়নি। তবে এক ম্যাচ বিরতির পর মুম্বাইয়ের বিপক্ষে আজকের ম্যাচে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিবকে মাঠে নামিয়েছে তাঁর দল কলকাতা।আজ মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে সাকিব ছাড়াও কলকাতা দলে আরেকটি পরিবর্তন আছে। দলে আনা হয়েছে বাঁ-হাতি স্পিনার ইকবাল আবদুল্লাহকে। ইনজুরির কারণে দলের বাইরে গেছেন ফাস্ট বোলার মার্চেন্ট ডি ল্যাঙ্গে ও লক্ষ্মী রতন শুকলা। মুম্বাই অবশ্য অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে।আজ আইপিএলের ৬৫তম ম্যাচে টস জিতে কলকাতাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় মুম্বাই। এ ম্যাচের আগ পর্যন্ত ১৪টি করে ম্যাচে অংশ নিয়েছে মুম্বাই ও কলকাতা। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে মুম্বাই। ১৭ পয়েন্ট নিয়ে কলকাতা আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দিল্লি ডেয়ারডেভিলস সবার শীর্ষে।