মুম্বাইয়ের রানের পাহাড়
গত ম্যাচের মতো আজকেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এসময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। তবে অভিজ্ঞরা ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন দিনেশ কার্তিক ও রোহিত শর্মা। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে রানের পাহাড় গড়েছে মুম্বাই ইন্ডিয়ানস। জয়ের জন্য দিল্লি ডেয়ারডেভিলসকে বেঁধে দিয়েছে ২১০ রানের দুরুহ লক্ষ্যমাত্রা। ৪৮ বলে ৮৬ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন দিনেশ কার্তিক। ৭৮ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম দুই ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং। তবে তৃতীয় উইকেটে ১৩২ রানের অসাধারণ এক ঝড়ো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন দিনেশ কার্তিক ও রোহিত শর্মা। ১৫তম ওভারে এই জুটি ভেঙ্গে দিল্লি শিবিরে কিছুটা স্বস্তি ফেরান মরনে মরকেল। ৮৬ রান করে ফিরে যান কার্তিক। তবে দিল্লির বোলারদের শেষপর্যন্ত নাজেহাল করে গেছেন রোহিত শর্মা। ৫০ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এছাড়া শেষপর্যায়ে কাইরন পোলার্ড ১৩ ও আম্বাতি রাইডু ২৪ রান করেন।