মুম্বাই টেস্টের নাটকীয়তার ছবিটা এখনো টাটকাই। এরই মধ্যে কাল কটকে সিরিজের প্রথম ওয়ানডেতেও দারুণ জমল নাটক। ম্যাচের পাল্লা একবার ভারতের দিকে হেলে যায় তো খানিক বাদে ওয়েস্ট ইন্ডিজের দিকে। শেষ পর্যন্ত লং অন দিয়ে মারা উমেশ যাদবের চার সব নাটকীয়তার অবসান ঘটাল। মাত্র ২১২ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ভারত ম্যাচ জিতল ৪৯তম ওভারে।জয়ের নায়ক অবশ্য যাদব নন; রোহিত শর্মা। গত জুনে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে সিরিজ জিতে এসেছিল বিশ্বকাপজয়ী ভারত। ১২৮.৫০ গড়ে ২৫৭ রান করে সিরিজ-সেরা হয়েছিলেন রোহিত। কাল কোণঠাসা ভারতকেও উদ্ধার করেছেন ৭২ রানের দারুণ এক ইনিংস খেলে। ব্যাটিং শুরু করেছিলেন যখন, ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ভারত রীতিমতো কাঁপছিল। রোচ তিনটি আর রাসেল পরপর দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে ভারতের পিঠ দেয়ালে ঠেকে দেন। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামলে নেন। জাদেজার বিদায়ের পর বিনয় কুমারের সঙ্গে ৪২ রানের জুটি ভারতকে একদম জয়ের প্রান্তে নিয়ে গিয়েছিল।৩০ বলে মাত্র ১১ রান দরকার ছিল, হাতে ৩ উইকেট। এমন সময় রোহিতের আউটের পর জমে ওঠে নাটক। পরের ওভারে বিনয় কুমারও ফিরে গেলে ভীষণ চাপে পড়ে যায় ভারত। মাঝখানে টানা ১৫টি ডট বল সমীকরণ পাল্টে দেয়। বল-রানের ব্যবধান কমে এসে দাঁড়ায় ১২ বলে ৯, হাতে একটি উইকেট। ৪৯তম ওভারের দ্বিতীয় আর পঞ্চম বলে আসা দুটো চার শেষ পর্যন্ত সব উত্তেজনার সমাপ্তি ঘটায়।সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২১১/৯ (সিমন্স ১৯, বারাথ ১৭, স্যামুয়েলস ১০, ব্রাভো ৬০, হায়াট ৩১, পোলার্ড ১৩, রামদিন ১৪, স্যামি ০, রাসেল ২২, রোচ ১২, মার্টিন ৩; বিনয় ১/২৭, যাদব ২/৩৩, অ্যারন ২/৪৭, অশ্বিন ১/৩০, জাদেজা ১/৪২, রায়না ১/২০)। ভারত: ৪৮.৫ ওভারে ২১৩/৯ (পার্থিব ১২, শেবাগ ২০, গম্ভীর ৪, কোহলি ৩, রোহিত ৭২, রায়না ৫, জাদেজা ৩৮, অশ্বিন ৬, বিনয় ১৮, অ্যারন ৬*, যাদব ৬*; রোচ ৩/৪৬, মার্টিন ১/৩৫, রাসেল ২/২৯, স্যামি ১/৪০, স্যামুয়েলস ০/৩৭, পোলার্ড ১/২৩)। ফল: ভারত ১ উইকেটে জয়ী। ম্যাচসেরা: রোহিত শর্মা।