মুরগি নিয়ে বিদায় হও!
গত পরশু খেলা চলছে ইংলিশ প্রিমিয়ার লিগের। এক হিসেবে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। সাবেক চ্যাম্পিয়ন ব্ল্যাকবার্ন রোভার্সের বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচটা হুট করে থমকে গেল কিছুক্ষণের জন্য। কারণ? মাঠে ঢুকে পড়েছে এক মুরগি! সেই মুরগির গায়ে ব্ল্যাকবার্নের পতাকা মোড়ানো। আর তাতে লেখা একটাই বার্তা: ‘বিদায় হও!’ এভাবেই ব্ল্যাকবার্নের ভারতীয় মালিকপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ক্লাবের সমর্থকেরা। ইংলিশ ক্লাবটির মালিকানা এখন ভারতীয় পোলট্রি ব্যবসায়ী ভেঙ্কিসের। কিন্তু তাঁদের অধীনে গত ১৮ মাসে ক্লাবটি কেবলই অধঃপতনের দিকে যাচ্ছে। পরশু উইগানের কাছে ১-০ গোলের পরাজয় দিয়ে নিশ্চিত হয়েছে অবনমনও। দলের সেই কঠিন মুহূর্তে মালিকপক্ষের কেউ পাশে ছিল না। এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমেও চলছে তুমুল সমালোচনা। ক্রিকেট উন্মাদনার দেশ ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগও দারুণ জনপ্রিয়। ১২০ কোটি জনসংখ্যার দেশ ভারতে ছয় কোটি দর্শক আছে এই লিগের। সংখ্যাটাকে গুরুত্ব দিতেই হবে। কারণ ব্রিটেনের মোট জনসংখ্যাই ছয় কোটি। মূলত ভারতের এই বাজারটি ধরার জন্যই পুনেভিত্তিক চিকেন ফার্ম ভেঙ্কিস তিন কোটি ৭০ লাখ ডলার খরচ করে ক্লাবের মালিকানা কিনে নেন। কিন্তু যে উদ্দেশ্যে তাঁদের ক্লাব কেনা, সেটি একদমই পূরণ হয়নি। ভারতীয়রা ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসি এমন কিছু শীর্ষস্থানীয় দলকেই সমর্থন করে। শুধু ভারতীয় মালিক বলে ব্ল্যাকবার্ন রোভার্সের সমর্থকে পরিণত হওয়ার কোনো কারণ তারা দেখেনি। গত অক্টোবরে ব্ল্যাকবার্নের ভারত সফরেই আরও পরিষ্কার হয়ে যায় এটি। ভারত সফরে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম কোনো ক্লাব, অথচ স্থানীয় এক ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচে দর্শক হয়েছিল মেরেকেটে ছয় হাজার! এএফপি।