মুরলি বিজয়ের শতকে লড়ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিন শেষে ১২২ রান করে অপরাজিত আছেন মুরলি বিজয় (বামে)। ছবি: রয়টার্স
ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিন শেষে ১২২ রান করে অপরাজিত আছেন মুরলি বিজয় (বামে)। ছবি: রয়টার্স

দেশের বাইরে প্রথম শতকটি খুব ভালো সময়েই করলেন মুরলি বিজয়। ডানহাতি এই ওপেনারের ব্যাটে ভর করেই ইংল্যান্ড সফরের শুরুটা ভালোভাবে করতে পেরেছে ভারত। ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ২৫৯ রান। ১২২ রান করে অপরাজিত আছেন বিজয়। ৫০ রান নিয়ে অপরাজিত আছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। সপ্তম ওভারে ওপেনার শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে বেশ ভালোমতোই এগিয়ে যাচ্ছিলেন বিজয় ও চেতেশ্বর পুজারা। কিন্তু মধ্যাহ্নবিরতির পরে আবারও আঘাত হানেন অ্যান্ডারসন। সাজঘরে ফেরান পুজারাকে (৩৮)। পরের ওভারে বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে ভারতকে কিছুটা চাপের মুখেই ফেলে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। চতুর্থ উইকেটে আবারও প্রতিরোধ গড়েছিলেন বিজয় ও আজিনকা রেহানে। এই জুটি থেকে ভারতের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৮১ রান। দলীয় ১৭৮ রানের মাথায় রেহানেকে (৩২) সাজঘরমুখী করেছেন লিয়াম প্লানকেট। এরপর দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই পার করেছেন বিজয় ও ধোনি। পঞ্চম উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আজ প্রথম দিন শেষ করেছেন এই দুই ব্যাটসম্যান।

২০১১ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। সেটি ছিল চার ম্যাচের সিরিজ। এর আগে ইংল্যান্ডের মাটিতে ভারত পাঁচ ম্যাচের পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলেছিল ১৯৫৯ সালে। সেবারও পাঁচটি ম্যাচ হেরেই দেশে ফিরতে হয়েছিল ভারতকে।