মুরসে ভবিষ্যৎ, কেপিতে অতীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লর্ডসে কাল সংবাদ সম্মেলনে মুরসকে (বাঁয়ে) ইংল্যান্ডের নতুন কোচ ঘোষণা করলেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল (মাঝে)। পাশে অধিনায়ক কুক, এএফপি
লর্ডসে কাল সংবাদ সম্মেলনে মুরসকে (বাঁয়ে) ইংল্যান্ডের নতুন কোচ ঘোষণা করলেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল (মাঝে)। পাশে অধিনায়ক কুক, এএফপি

এর আগে ‘দলীয় মূল্যবোধ ও দর্শন’ সমুন্নত রাখা এবং অধিনায়ক অ্যালিস্টার কুককে ‘সাহায্য’ না করাটাকেই কারণ হিসেবে দেখিয়েছিল ইসিবি। কাল লর্ডসে পিটার মুরসকে নতুন কোচ হিসেবে ঘোষণা করার সংবাদ সম্মেলনে পিটারসেনকে নির্বাসনে পাঠানোর কারণের বিস্তারিত ব্যাখ্যা দিলেন ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন। কোচ মুরস ও অধিনায়ক কুককে দুই পাশে বসিয়ে ডাউনটন বললেন, ‘৩১ ডিসেম্বর আমি সিডনি (শেষ টেস্টের ভেন্যু) পৌঁছেছিলাম দুটি বিষয় সামনে রেখে—অ্যান্ডি ফ্লাওয়ারের ভবিষ্যৎ ও কেভিনকে নিয়ে কী করা উচিত সেটা। সিডনি টেস্টের প্রতিটি বলই আমি দেখেছি। আমি কাউকে কখনো ঘটনাপ্রবাহ থেকে এতটা বিচ্ছিন্ন থাকতে দেখিনি। যেখানে দরকার ছিল সিনিয়র খেলোয়াড়দের সমর্থন ও একই সঙ্গে কাজ করার, সেখানে এগুলোর কোনো বালাই ছিল না।’

স্ট্রাউস-সোয়ানেরা অবসরে, ট্রট খেলায় নেই, সিনিয়র বলতে এক পিটারসেন। অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পরই তাই ভবিষ্যতের জন্য দল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানালেন ডাউনটন, ‘সিদ্ধান্ত হলো কেভিনকে দলে রেখে এটা করা সম্ভব নয়, তাই ওকে দলে না নেওয়ার সিদ্ধান্তই নিলাম। আপনি ভবিষ্যতে তাকাবেন। আমি পেছনে ফেরার কোনো কারণ দেখি না।’

কালই ‘দ্বিতীয় একটা সুযোগ’ পাওয়ার আকুতি জানিয়ে টুইট করেছিলেন কেপি। ডাউনটন যেন সেটিরই জবাব দিলেন, ‘গত ১০ বছরে শক্তিশালী নেতৃত্ব, প্রতিষ্ঠিত অধিনায়ক ও কোচের তত্ত্বাবধানে আমাদের শক্তিশালী একটা দল ছিল। ওই দলে কেভিনের জায়গা ছিল। তবে অবস্থা পাল্টেছে। নতুন দলে কেভিনের জায়গা নেই। ইংল্যান্ডের ভালোর জন্যই এ সিদ্ধান্ত।’

তিন ধরনের ক্রিকেটেই মুরসকে কোচ করায় বাদ পড়েছেন সীমিত ওভারের কোচ অ্যাশলি জাইলস। অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে এলিট কোচিংয়ের টেকনিক্যাল ডিরেক্টর নামে নতুন এক পদে। ২০১১ সালে ৭৭ বছর পর ল্যাঙ্কাশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতানো মুরসকে কোচ হতে লড়তে হয়েছে অ্যাশলি জাইলস, মিক নিউয়েল, মার্ক রবিনসন ও ট্রেভর বেলিসের সঙ্গে। এএফপি।