মুরালি-উত্তর যুগ শুরু
চিত্রনাট্য এখন পর্যন্ত দারুণভাবে অনুসৃত হয়েছে। ভারতের শ্রীলঙ্কা সফরের চিত্রনাট্য। পকপ্রণালির ওপারের প্রতিবেশীদের মাটিতে সর্বশেষ দুই সফরেই প্রথম টেস্ট বড় ব্যবধানে হেরেছিল ভারত। ২০০১ সালে এবারের মতোই ১০ উইকেটে, এই একই ভেন্যু গলে। ২০০৮ সালে সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) ইনিংস ও ২৩৯ রানে। চিত্রনাট্য বলছে, দুবারই দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে জিতে সমতা এনেছিল ভারত, শ্রীলঙ্কা সিরিজ জিতেছিল শেষ টেস্ট সহজে জিতে। এবারও কি তা-ই হতে যাচ্ছে?হলে শ্রীলঙ্কা তাতে খুব একটা অখুশি হবে বলে মনে হয় না। তবে কুমার সাঙ্গাকারারা নিশ্চয়ই সেই ভরসায় বসে থাকবেন না। চিত্রনাট্যে এখন পর্যন্ত খুশি থাকলেও এবার তা বদলেই দিতে চাইবেন তাঁরা। চাইবেন এসএসসিতে আজ শুরু দ্বিতীয় টেস্ট জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে। তা ছাড়া ২-০ বা ৩-০-তে সিরিজ জিতলে বড় একটা পুরস্কারও অপেক্ষা করছে দ্বীপদেশটির জন্য। ভারতকে টপকে প্রথমবারের মতো তারা উঠে যাবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে।কাজটা কঠিন। আর কঠিন হয়ে পড়েছে ‘মুরালিবিহীন’ যুগ শুরু হওয়ায়। এই টেস্ট দিয়েই দেড় যুগ ধরে তাদের সবচেয়ে বড় ম্যাচ উইনার মুত্তিয়া মুরালিধরন-উত্তর যুগে প্রবেশ করছে শ্রীলঙ্কা। গলে মুরালির স্বপ্নের বিদায়ের রেশটা কাটেনি এখনো। তবে আজ সাঙ্গাকারাদের নেমে আসতে হবে বাস্তবের জমিনে। ‘মুরালি চলে গেলে কী হবে’—এত দিন কল্পিত এই শঙ্কার সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেবে এই টেস্ট। কাজটা আরও কঠিন করে দিয়েছে গলে জয়ের অন্যতম নায়ক লাসিথ মালিঙ্গার হাঁটুতে চোট। ৩১ মাস পর টেস্টে ফিরেই দলের জয়ের অন্যতম নায়ক আবার ছিটকে পড়েছেন মাঠের বাইরে।মুরালি নেই, মালিঙ্গা নেই—মনে যা-ই থাক, সাঙ্গাকারাকে কথাবার্তায় সাহস দেখাতেই হচ্ছে। তিনি বলেছেন, ‘আমাদের এমন কিছু বোলার আছে, যারা এই সুযোগটার অপেক্ষাতেই ছিলেন। তাদের সামর্থ্য প্রমাণের সুবর্ণ সুযোগ এটাই।’ এই ‘সুবর্ণ সুযোগটা’ নিশ্চিতভাবেই পাচ্ছেন অজন্তা মেন্ডিস, খুব বেশি দিন হয়নি যাঁকে মনে করা হয়েছিল মুরালির যোগ্য উত্তরসূরি। রহস্য-টহস্য সব হারিয়ে এখন অনেকটাই বিবর্ণ এই স্পিনারের সুযোগ এসেছে আরেকবার নিজেকে প্রমাণের। মালিঙ্গার জায়গায় ফেরায় লড়াইয়ে আছেন দিলহারা ফার্নান্ডো ও ধাম্মিকা প্রসাদ। তবে পাল্লা ভারী ফার্নান্ডোর দিকেই। কয়েক দিন ধরে আলোচনায় আছেন নুয়ান প্রদীপও। ২৩ বছরের তরুণ নজর কেড়েছেন গতি ও মালিঙ্গার মতোই বোলিং অ্যাকশনের কারণে। ক্রিকেট বল হাতে নিয়েছেন তিন বছরও হয়নি, একটি ‘পেসার অন্বেষণ’ প্রকল্প নুয়ান প্রদীপকে নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয়। তবে এই টেস্টে সম্ভবত বাইরেই থাকতে হচ্ছে তাঁকে।গত টেস্টে যে দুজনের হাতে নাস্তানাবুদ হয়েছে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ, সেই দুজনের না থাকার সুযোগটা ভালোভাবেই নিতে পারেন শেবাগ-টেন্ডুলকাররা। তবে গৌতম গম্ভীরকে নিয়ে শঙ্কায় আছে ভারত, হাটুর চোটে আজ অনিশ্চিত এই ওপেনার। দুশ্চিন্তা তো শুধু ব্যাটিং নয়, বোলিংও ডুবিয়েছে গলে। স্পিনারদের অবস্থা বেশি খারাপ। হরভজন সিং ও প্রজ্ঞান ওঝা মিলে ৬৩ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি। এই টেস্টে তাই ওঝার জায়গা নিতে পারেন লেগ স্পিনার অমিত মিশ্র। কোচ গ্যারি কারস্টেন অবশ্য ভরসা রাখছেন দলের ওপর, ‘ছেলেরা বুঝতে পেরেছে গলে তারা ভালো খেলেনি। এটা পুষিয়ে দিতে তারা প্রস্তুত। ভারত জানে, কীভাবে জিততে হয়।’ভারতের সিরিজে ফেরার চেষ্টা আর মুরালি-উত্তর শ্রীলঙ্কার নিজেদের প্রমাণের প্রতিজ্ঞা—এসএসসি হতে পারে রোমাঞ্চকর এক লড়াইয়ের মঞ্চ। তথ্যসূত্র: ওয়েবসাইট।