মুরালি-উত্তর যুগে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালও একইভাবে সূর্য উঠেছে শ্রীলঙ্কার আকাশে। একইভাবে শুরু হয়েছে নিত্যদিনের ব্যস্ততা। সূর্য ডুবেছে, উঠবে আবারও। কিন্তু পরশু যে ‘সূর্য’ ডুবে গেল গলে, আর কোনো দিনই অন্তত টেস্টের আকাশে উদয় হবে না তার। একইভাবে দিন শুরু করেও শ্রীলঙ্কা আসলে ঢুকে গেল নতুন যুগে। যে যুগে মুত্তিয়া মুরালিধরন নামের সেই জাদুকরকে আর পাচ্ছে না তারা টেস্ট ক্রিকেটে। শ্রীলঙ্কার জন্য কী নিয়ে অপেক্ষা করছে এই যুগ?মুরালি নিজে বিদায়বেলায় বলে গেছেন, তাঁকে নাকি বেশিদিন কেউ মিসই করবে না। কারণ এত এত ভালো স্পিনার উঠে আসছেন, মুরালিকে তাঁরা ভুলিয়ে দেবেন শিগগিরই। আসলেই কি তাই? মুরালির মতো ম্যাচ জেতানো স্পিনার কি খুঁজে পাবে শ্রীলঙ্কা?না! উত্তরটা নিখাদ পরিসংখ্যানই দেবে। ১৯৯২ সালে কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর অভিষেক। এর আগে শ্রীলঙ্কা তাদের ৪০ টেস্টের মাত্র দুটো জিতেছিল। মুরালি-যুগ শুরুর পর শ্রীলঙ্কা টেস্ট জিতেছে ৫৯টি, এর ৫৪টিতেই ছিলেন মুরালি। এই ৫৪টি ম্যাচে উইকেট নিয়েছেন ৪৩৮টি। শ্রীলঙ্কার টেস্ট জয়ে মুরালির অবদান যদি এখানেও স্পষ্ট না হয় তো জেনে রাখুন, শ্রীলঙ্কান বোলারদের মধ্যে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক পেরিয়ে গেছেন আর মাত্র একজনই! চামিন্ডা ভাস।উদীয়মান স্পিনারদের পথে কাঁটা হতে চান না বলেই সরে দাঁড়িয়েছেন—এ কথাও মুরালি বলে গেছেন বিদায়বেলায়। কিন্তু মুরালি-শূন্যতা কি উঠতি বোলাররা আদৌ পূরণ করতে পারবেন?অধিনায়ক কুমার সাঙ্গাকারা এদিক দিয়ে বাস্তববাদী। ‘আমার তত্ত্বটা পরিষ্কার, আমি আরেকটি মুরালি খোঁজার চেষ্টাও করব না, কারণ আপনি সেটা হাজার খুঁজেও পাবেন না। ওর মতো আর কেউ কখনো আসবে না।’ এই বাস্তবতা মেনে নিয়েই সামনের দিনগুলোর পরিকল্পনা করছেন সাঙ্গাকারা, ‘আমার জন্য মুরালিকে ছাড়া দলকে নেতৃত্ব দেওয়া হবে অনেক কঠিন। কিন্তু এরই সঙ্গে আমরা এও পরখ করে নিতে পারব, আমাদের বাকি বোলাররা টেস্ট জয় এনে দিতে সক্ষম কি না। হ্যাঁ, একাই আট-নয় উইকেট নিয়ে নেওয়ার মতো আর কেউ আমাদের থাকল না। কিন্তু কঠোর পরিশ্রম করে সম্মিলিতভাবে আমরা সেই চেষ্টা তো করতে পারি।’সাঙ্গাকারার সেই সম্মিলিত চেষ্টায় স্পিন আক্রমণে এখন মুরালি-শূন্যতা পূরণের ভার পড়ছে অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ আর সুরাজ রনদিভের ওপর। ৩২ বছর বয়সী বাঁহাতি স্পিনার হেরাথ ২২ টেস্টে নিয়েছেন ৭১ উইকেট। অভিষেকের শুরুতে হইচই ফেলে দেওয়া মেন্ডিস ১০ টেস্টে ৪৪টি। ২৫ বছর বয়সী রনদিভের টেস্ট অভিষেক হয়নি এখনো। মুরালি-উত্তর যুগে শ্রীলঙ্কা কেমন করে—এর উত্তর পেতে বেশিদিন অপেক্ষাও করতে হবে না। সোমবার শুরু হচ্ছে কলম্বো টেস্টে। ওই ম্যাচে হেরাথ-মেন্ডিস দুজনই খেলবেন।তবে শেষ টেস্টেও মুরালি যেভাবে বল করলেন, তাতে অনেকের মনে নিশ্চয়ই এই আক্ষেপও জন্মেছে, চাইলেই তো অনায়াসে আরও কয়েক বছর খেলে যেতেই পারতেন। এই আক্ষেপ সাকলায়েন মুশতাকেরও। অফ স্পিনে মুরালি নিজে অনেক কিছু শিখেছেন সাকলায়েনকে দেখে। ‘দুসরা’র আবিষ্কারকও এই পাকিস্তানি। কিন্তু সাকলায়েন নিজে বলছেন, ‘ও আসলেই একজন গ্রেট বোলার, অফ স্পিনের শিল্পকে যে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। সত্যিকারের এক জাদুকর ও। ও আর শেন ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে স্পিনারদের অন্য মাত্রায় প্রতিষ্ঠা দিয়েছে।’ এএফপি, ওয়েবসাইট।