মুরালি-উত্তর শ্রীলঙ্কার প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা মনে হয় সিরিজ জিতেছি, তাই না?’ মাহেলা জয়াবর্ধনের ঠোঁটে যেন কৌতুকের হাসি। যদিও প্রশ্নটা মোটেও কৌতুক ছিল না। ন্যূনতম ৫৪ বলে প্রয়োজন ছিল ৭৫ রান, দারুণ খেলতে থাকা সাঙ্গাকারা ও সহজাত মারমুখী ম্যাথুস। প্রসন্ন জয়াবর্ধনে, পেরেরার মতো ব্যাটসম্যানরা বাইরে অপেক্ষায়। পুরস্কার বিতরণী মঞ্চে তাই লঙ্কান অধিনায়কের কাছে প্রশ্ন ছিল, ‘ড্র না মেনে শ্রীলঙ্কা কি জয়ের চেষ্টা করতে পারত না?’আঁতে ঘা লাগল বলেই জয়াবর্ধনে অমন উত্তর দিলেন কি না, কে জানে। তবে পরক্ষণেই বললেন, ‘লক্ষ্যটা নাগালের বাইরে মনে করেই ড্র মেনে নিয়েছি। দারুণ লড়াইয়ের পর সিরিজটা জিতে আমরা খুশি।’ আসল কথা লুকিয়ে এতেই। ২-০ হয়নি, তাতে কী! সিরিজ জিতেই তৃপ্ত শ্রীলঙ্কা। কত দিন পর এল এই মধুর স্বাদ! সেই ২০০৯ সালে আগস্টে নিউজিল্যান্ডকে হারানোর আট সিরিজ পর প্রথম সিরিজ জয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য, মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর এটাই প্রথম সিরিজ জয় শ্রীলঙ্কার।পাকিস্তানের অভিজ্ঞতা উল্টো। নিজেদের ইতিহাসকে বুড়ো আঙুল দেখিয়ে গত দুই বছরে অবিশ্বাস্য রকম ধারাবাহিক পাকিস্তান হারের তিক্ত স্বাদ পেল সাত সিরিজ পর। ২০১০ সালের সেই কলঙ্কিত ইংল্যান্ড সিরিজের পর প্রথম হার, অধিনায়ক মিসবাহর প্রথম সিরিজ হারও। সামান্য একটা সান্ত্বনা অবশ্য আছে। ২-০-তে হারলে র‌্যাঙ্কিংয়ের জায়গাটা হারাতে হতো শ্রীলঙ্কার কাছে। সিরিজ হেরেও পাকিস্তান টিকে আছে পাঁচে, জিতে শ্রীলঙ্কা ছয়ে।পাল্লেকেলের শেষ দিনের শুরুতে সম্ভব ছিল সব ফলাফলই। পাকিস্তানের শেষ উইকেট দুটি তুলে নিতে পারলে জয়ের পথ অনেকটাই পরিষ্কার হতো শ্রীলঙ্কার। কিন্তু আস্থার প্রতিমূর্তি হয়ে থাকা আসাদ শফিক বিশ্বস্ত সঙ্গী হিসেবে পেয়ে যান আদনান আকমলকে। আঙুলের চিড় নিয়েও দারুণ লড়াই করেছেন আদনান। অবিচ্ছিন্ন নবম উইকেটে দুজন যোগ করেন ৮১। শফিক দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি ছোঁয়ার পরই ইনিংস ঘোষণা করেন মিসবাহ।৭১ ওভারে ২৭০, জয়ের জন্য দুই দলকেই করতে হতো দারুণ কিছু। জুনাইদ-গুলরা পারলেন না ওয়াসিম-ওয়াকার হতে। তা ছাড়া শেষ দিনেই যেন উইকেট ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো হয়ে গেল। চান্ডিমাল-সাঙ্গাকারার ইতিবাচক ব্যাটিংয়ে শ্রীলঙ্কাও থাকল জয়ের রাস্তায়। হঠাৎই ছন্দপতন, চা-বিরতির ঠিক আগে ডাউন দ্য উইকেট খেলতে এসে মিড অফে ধরা চান্ডিমাল। ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়ে যাবেন কী, জয়াবর্ধনে-সামারাবীরা দলকে আরও চাপে ফেলে গেলেন। আজমল বোলিং করছিলেন দারুণ, সাঙ্গাকারার সপ্রভিত ব্যাটিংয়ের পরও তাই হয়তো ঝুঁকির পথে যায়নি শ্রীলঙ্কা।সংবাদ সম্মেলনে জয়াবর্ধনের দাবি, ‘আমি সব সময় জয়ের জন্য খেলি। কখনোই নিরাপদ আশ্রয়ের পথে হাঁটি না।’ কালকের শ্রীলঙ্কা অবশ্য অধিনায়কের কথাটা প্রমাণ করে না। তবে দিলশানের নেতৃত্বে দিশেহারা শ্রীলঙ্কাকে পথে ফেরানোর মূল কৃতিত্ব জয়াবর্ধনেরই প্রাপ্য। ওয়েবসাইট।