অনুমেয় চিত্রনাট্যই মেনেছে গল টেস্ট। জোনাথন ট্রট পারেননি মাহেলা জয়াবর্ধনে হতে। প্রসন্ন জয়াবর্ধনেও হতে পারেননি ইংল্যান্ডের কেউ। যথারীতি স্পিনে কুপোকাত ইংলিশরা। কালকের ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন হেরাথ-রণদিভ। এনে দিয়েছেন মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর দেশের মাটিতে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়। চতুর্থ দিনের গল্পটা তবু যেন অপূর্ণ থেকে যাচ্ছে। ৭৫ রানের জয় বললে যেমন মনে হয়, ততটা অনায়াসে আসেনি শ্রীলঙ্কার জয়। যে মাঠে এক শর বেশি রান তাড়া করে কেউ জিততে পারেনি, সেই মাঠে ৩৪০ রান তাড়া করার পথে ভালোমতোই ছিল ইংল্যান্ড। ট্রট-প্রায়রের দারুণ জুটিতে প্রায় অসম্ভব লক্ষ্যটাকেও একসময় মনে হচ্ছিল খুবই সম্ভব। ৬ উইকেট হাতে নিয়ে একপর্যায়ে প্রয়োজন ছিল ১০৭ রান। মোড় পাল্টে দেওয়া মুহূর্তটি এল তখনই। হেরাথকে সজোরে সুইপ করেছিলেন প্রায়র, বল সোজা শর্ট লেগে দাঁড়ানো থিরিমান্নের পেটে। ব্যথা সয়েও বলটাকে জাপটে রাখলেন থিরিমান্নে, হাত দিয়ে গড়িয়ে বল তালুবন্দী! বন্ধ কপাট খুলে গেল, ইংল্যান্ড শেষ ৬ উইকেট হারাল ৩১ রানে!তবে ক্রিকেটে একটু ভাগ্যের ছোঁয়া তো লাগেই। শ্রীলঙ্কা যে যোগ্য দল হিসেবেই জিতেছে, এ নিয়ে কোনো সংশয় নেই। প্রথম ইনিংসে ১২৫ রানের লিডই গড়ে দিয়েছিল জয়ের ভিত। দ্বিতীয় ইনিংসে গলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েও তাই হারতে হলো ইংলিশদের। পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের পর এই হার—পরের টেস্ট হারলে র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটাও হারাতে হবে। শ্রীলঙ্কার এই জয় বহুকাঙ্ক্ষিত। মুরালিধরনের জাদুতে ঘরের মাঠ হয়ে উঠেছিল যেন দুর্গ, অথচ মুরালি-উত্তর যুগে দুঃসহ জয়খরা। ২০১০ সালের জুলাইয়ে মুরালির অবসরের পর ১৮ টেস্টে শ্রীলঙ্কার এটি মাত্র দ্বিতীয় জয়, দেশের মাটিতে ৯ টেস্টে প্রথম। আরেকজন মুরালি কবে আবার পাওয়া যাবে, কে জানে। তবে একজনের মুরালির মতো পারফরম্যান্সই এনে দিল এই জয়। দুই ইনিংসে ৬টি করে উইকেট নিয়ে জয়ের মূল কারিগর রঙ্গনা হেরাথ। ১৭১ রানে ১২ উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে এর চেয়ে ভালো বোলিং আছে আর একজন বাঁহাতি স্পিনারেরই। সেটাও ৬০ বছর আগের ঘটনা, ভারতের ভিনু মানকড়ের ১২/১০৮। পিটারসেনকে কাল সাতসকালেই হারায় ইংল্যান্ড, টিকতে পারেননি বেলও। কিন্তু পঞ্চম উইকেটে ট্রট-প্রায়রের ৮১ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছিল ইংলিশদের। প্রথম ইনিংসে পাগলাটে স্টাম্পড হওয়া ট্রট চোয়ালবদ্ধ দৃঢ়তায় তুলে নেন সপ্তম টেস্ট সেঞ্চুরি। কিন্তু বড় ধাক্কা হয়ে এল প্রায়রের ওই আউট, দিলশানের দুর্দান্ত ক্যাচে ট্রটের আউটে ইংল্যান্ডের শেষ আশাও শেষ। ২০ উইকেটের ১৮টি-ই নিয়েছেন দুই স্পিনার হেরাথ-রণদিভ। কিন্তু মাহেলা জয়াবর্ধনেকে চারবার জীবন দেওয়া, শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে প্রসন্নর ৮৭ রান—এসবই হয়তো বেশি পোড়াচ্ছে ইংলিশদের! তথ্যসূত্র: ওয়েবসাইট।