মুরালি-বিদায়ের টেস্ট
এই শেষবার, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত হাত থেকে বল বেরোতে দেখা যাবে টেস্ট ক্রিকেটে। শেষবারের মতো সাদা পোশাকে দেখা যাবে টেস্ট ইতিহাসের সেরা অফ স্পিনারকে। কারও কারও মতে, যিনি স্রেফ অফ স্পিনার বা স্পিনার নন, সর্বকালেরই সেরা বোলার। শেষবারের মতো তাঁর বোলিং দেখতে দেখতে কেউ হয়তো বলবে ‘চাকার’। অনেকেই আবার তাঁর জাদুতে বিস্মিত হবে শেষবারের মতো। এই শেষবার দেখা যাবে বোলিংয়ের সময় চক্ষুকোটর থেকে বেরিয়ে আসতে চাওয়া চোখ দুটিকে। তাঁর বোলিংয়ে ক্যাচ ওঠার পর ফিল্ডারের দিকে চাতক চোখে তাকিয়ে থাকা দেখা যাবে টিভি রিপ্লেতে, শেষবারের মতো দেখা যাবে উইকেট পাওয়ার পর শিশুর মতো উল্লাস। আমৃত্যু গর্ব করে বলার মতো কিছু পাওয়ার এই-ই শেষ সুযোগ—টেস্টে মুত্তিয়া মুরালিধরনের বোলিং দেখা!ওয়ানডে ক্রিকেটটা আরও কিছুদিন খেলবেন। ওয়ানডের সর্বোচ্চ উইকেটও তাঁর, একসময় ছিল সেরা বোলিংয়ের রেকর্ডটাও। কিন্তু সাদা পোশাকে স্পিন-জাদুকরের এমন সব কীর্তি যে ওয়ানডের কীর্তিগুলোকে খুব একটা কাছে ঘেঁষতে দেয় না! মুরালিধরন মানেই তো টেস্টের মুরালিধরন। এক প্রান্ত থেকে সারা দিন ধরে বোলিং করে যাওয়া, নিষ্প্রাণ উইকেটে প্রাণ সঞ্চার করা, প্রথম দিনের উইকেটেও ইচ্ছেমতো বল ঘোরানো, এক হাতেই দেশে-বিদেশে শ্রীলঙ্কাকে অসংখ্য টেস্ট জেতানো। টেস্ট ক্রিকেটের প্রায় সব বোলিং-রেকর্ডের মালিক মুরালিধরনের শেষ টেস্ট শুরু হচ্ছে আজ।শেষ এমনটা দেখা গিয়েছিল স্টিভ ওয়াহর বিদায়ের সময়। কোনো একজনের বিদায় ছাপিয়ে গেছে খেলাটাকেই। সেবারও প্রতিপক্ষ ছিল ভারত। ক্যারিয়ারের শেষ দিকে যতটা না ক্রিকেটার, ওয়াহ তার চেয়ে অনেক বেশি হয়ে উঠেছিলেন ক্রিকেট-ব্যক্তিত্ব। তাঁর বিদায়টা তাই যথেষ্টই আবেগময় হয়ে উঠেছিল। মুরালিধরন সেভাবে ‘ক্রিকেট-ব্যক্তিত্ব’ হয়তো হয়ে উঠতে পারেননি, কিন্তু মাঠের ভেতরেই তাঁর কীর্তিগুলো পেছনে ফেলে দিয়েছেন ক্রিকেট ইতিহাসের প্রায় সবাইকেই। আর শ্রীলঙ্কার কাছে মুরালিধরন মানে তো আরও বেশি কিছু। তথাকথিত ‘মিনোজ’ থেকে শ্রীলঙ্কার বিশ্ব ক্রিকেটের বড় শক্তি হয়ে ওঠা ক্যান্ডির এই জাদুকরের হাত ধরেই। এমন একজনের বিদায় সবকিছুকেই ছাপিয়ে যাবে স্বাভাবিক।গত কিছুদিনে অবশ্য ঔজ্জ্বল্য অনেকটাই ফিকে হয়ে আসছিল। সর্বশেষ ৮ টেস্টে উইকেট পেয়েছেন মোটে ২৬টি, এর মধ্যে চারটি ইনিংসে আবার রান দিয়েছেন এক শর বেশি। শেষের ডাকটা তাই শুনতেই পাচ্ছিলেন মুরালি। অসংখ্য প্রথমের জন্ম দেওয়া মুরালি শেষ টেস্টে দাঁড়িয়ে আরও এক প্রথমের সামনে। টেস্ট ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ উইকেট পেতে প্রয়োজন আর মোটে ৮টি উইকেট। গত কিছুদিনের ফর্ম বিবেচনায় কাজটা হয়তো খুব কঠিন, তবে শেষ টেস্টে নিশ্চয়ই নিজের সর্বস্ব ঢেলে দেবেন মুরালি!তাঁকে ভরসা দিতে পারে এই ম্যাচের ভেন্যু। গলে ১৪ টেস্টে ১০৩ উইকেট মুরালির, গড়ে আটটির কাছাকাছি। এই মাঠে তাঁর স্বাভাবিক বোলিংটা করলেও তাই ছুঁয়ে ফেলতে পারেন মাইলফলক। তবে গলের উইকেট কিন্তু সেই চিরপরিচিত স্পিন-সহায়ক নেই, কাল বিকেল পর্যন্তও উইকেটের চেহারা ছিল একটু সবুজাভ। গলের কিউরেটর সাবেক টেস্ট স্পিনার জয়ানন্দ ওয়ার্নাবীরা অবশ্য বলছেন, আট উইকেট নিতে মুরালির উইকেটের সাহায্য লাগবে না, এমনিতেই সেই সামর্থ্য তাঁর আছে।মহেন্দ্র সিং ধোনিও আবার জানিয়ে দিয়েছেন, মুরালি যাতে মাইলফলক ছুঁতে না পারেন, এ জন্য সম্ভব সব চেষ্টাই তাঁর দল করবে। মুরালি মাইলফলক স্পর্শ করলে তো সর্বনাশটা তাঁদেরই হবে! প্রায় দেড় যুগের এক আক্ষেপ ঘোচানো মিশন নিয়ে শ্রীলঙ্কায় গেছে ধোনিরা, ১৯৯৩ সালের পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। মিশনের শুরুটা ভালো করতে হলে মুরালি ঠেকানোটা জরুরি। তবে ধোনিদের জন্য একটা স্বস্তি, গতবার শ্রীলঙ্কার এসে যাঁর রহস্যের জালে আটকা পড়তে হয়েছিল, সেই অজন্তা মেন্ডিস (৩ টেস্টে পেয়েছিলেন ২৬ উইকেট) এখন ফর্ম হারিয়ে দলের বাইরে।মুরালির বিদায় বিষাদে ভরিয়ে দেওয়ার সব চেষ্টাই ধোনিরা করবেন। কিন্তু মুরালি? বর্ণাঢ্য ক্যারিয়ারের করুণ সমাপ্তি নিশ্চয়ই তিনি চাইবেন না। স্পিন-জাদুকর পারবেন শেষবারের মতো তাঁর জাদুতে সবাইকে মন্ত্রমুগ্ধ করতে? ওয়েবসাইট।