মুরালি-ভক্ত ওয়ার্ন
এই জীবনে কথার তীরে কম বিদ্ধ হতে হয়নি মুত্তিয়া মুরালিধরনকে। সবচেয়ে বেশি তোপ দাগিয়েছে অস্ট্রেলীয়রাই। শেন ওয়ার্নও দু-চার কথা শোনাতে পিছপা হননি। মুরালি আজ যখন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন, ওয়ার্নই কিন্তু তাঁর পাশে। শুধু তা-ই নয়, অস্ট্রেলীয় কিংবদন্তি স্পিনার এও বললেন, মুরালির বোলিং অ্যাকশন পুরোপুরি ঠিক আছে। কখনো অ্যাকশন নিয়ে সন্দেহও হয়নি তাঁর। ‘মুরালির অ্যাকশন বৈজ্ঞানিক পরীক্ষাতেই শুদ্ধ প্রমাণিত হয়েছে...সব সময়ই মনে করেছি, ওর অ্যাকশন হয়তো ঠিকই আছে। কিন্তু আমার উদ্বেগ ছিল, ওর বল করার ধরনটায় অনুপ্রাণিত হয়ে উদীয়মান স্পিনাররা না আবার নকল করতে শুরু করে। তা হলে কিন্তু ওরা অবৈধ অ্যাকশনেই বল করত।’ হেরাল্ড সানকে মুরালিকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন ওয়ার্ন। দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল স্বীকার করে নিয়েছেন। ‘কিন্তু আমার সম্পর্ক সব সময়ই ভালো ছিল’ তথ্যটা জানাতেও ভোলেননি। মুরালির রেকর্ড কখনো ভাঙবে না বলেও মনে করেন ওয়ার্ন। ওয়েবসাইট।