মুরালিকে নিয়ে শেবাগ
এর পর মুরালির মুখোমুখি হতে হবে না! আমি অবশ্যই এটি মিস করব। আমার খেলা সবচেয়ে কঠিন বোলার ছিল মুরালি। ভেবে ভালো লাগছে, ওকে সামলানোর ঝক্কি পোহাতে হবে না। খারাপও লাগছে, টেস্ট ক্রিকেটে ওকে আর বল করতে দেখব না!ও কেন কঠিন বোলার ছিল? কারণ, ওর বিপক্ষে কোনো পরিকল্পনাই কাজে আসত না। আমি ওর হাত লক্ষ করার চেষ্টা করতাম। বুঝতে পারলে সেই অনুযায়ী খেলতাম। নইলে বলটা খুব নিবিড়ভাবে দেখে বোঝার চেষ্টা করতাম, ও কোন ডেলিভারিটা দিল।প্রথমবার ওর মুখোমুখি হই ২০০১ সালের ত্রিদেশীয় সিরিজে। সেটি ছিল আমার জন্য রীতিমতো এক বিভীষিকা। ওর বৈচিত্র্য আমি বুঝতেই পারছিলাম না। মাঝেমধ্যে ও বলতে গেলে আড়াআড়ি বল ঘোরাচ্ছিল। ফলে আমার পক্ষে খেলা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। আমি তাই ওকে সামলে-সুমলে খেলে অন্য বোলারদের ওপর দিয়ে ব্যাট চালিয়ে সেটা পুষে নেওয়ার চেষ্টা করেছি। কারণ, মুরালির বিপক্ষে খেলতে আমি কখনোই স্বস্তিবোধ করিনি। প্রথম দেখার এই ছবিটা কখনোই পাল্টায়নি।ওকে ঠিকভাবে কখনো খেলতে না পারার একটা বড় কারণ, ও বলের গতি পরিবর্তন করত খুবই চাতুর্যের সঙ্গে। ওই ত্রিদেশীয় সিরিজে আমার মূল পরিকল্পনা ছিল ওর ওপর উল্টো চড়াও হওয়া, ছক্কা হাঁকানো। কিন্তু ও সেটা দ্রুতই টের পেয়ে গেল। ফলাফল—আমাকে লং অফে বানাল সহজ ক্যাচ। এর পর ২০০৩ বিশ্বকাপের কথা ধরুন। আমি ৬৬ রানে অপরাজিত, বেশ ভালো ব্যাট করছি। কিন্তু মিড উইকেটের ওপর দিয়ে ওকে মারতে গিয়ে ধরা পড়ে গেলাম লং অনে। কারণ দুসরাটা আমি বুঝতে পারিনি। এ রকম আরও অনেক মুহূর্তই গেছে যখন বুঝতে পারিনি, ও আসলে অফ ব্রেক করল নাকি দুসরা। ফলে আমি আমার শরীরের অবস্থান কিংবা ভাবনা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার সময় পাইনি। এভাবেই ও আমাকে বশ করে রেখেছিল।ও কখনোই সহজ কোনো বল দিত না। কাজেই ধৈর্য ধরে নিজের দক্ষতার উন্নতি করাটাই ছিল একমাত্র উপায়। ও হয়তো একটা দ্রুতগতির বল করল, এরপরই একটা দুসরা এবং হুট করে একটা স্লো ডেলিভারি! ও এভাবেই সব সময় পরীক্ষায় ফেলত, সংশয়ের মধ্যে রাখত। এতগুলো বছরে আমি শুধু একটা শিক্ষাই পেয়েছি—ধৈর্য ধরে খেলো। এর ফল হিসেবেই গত তিন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি সেঞ্চুরি পেয়েছি। গলে একটা ডাবল সেঞ্চুরি, কানপুরে একটা সেঞ্চুরি আর মুম্বাইয়ে আরেকটা ডাবল। অবশ্য আমাকে এও স্বীকার করে নিতে হবে, ওর বলে গতি আর স্পিন সেই শুরুর দিনগুলোর মতো বিষাক্ত ছিল না।হ্যাঁ, ওর বিপক্ষে কিছু রান পেয়েছি ঠিকই, কিন্তু এই বেলা স্বীকার করে নিই, দুসরাটা আমি এখনো সমঝে উঠতে পারিনি। শুনতে অদ্ভুত শোনাতে পারে, অন্য যেকোনো স্পিনারের ওই ডেলিভারিটা আমি ধরতে পারি, কিন্তু মুরালির বেলায়ই ধোঁকা খেয়ে যেতাম। ২০০৮ গল টেস্টে তাই ঠিক করেছিলাম, ওর প্রতিটা বলই দুসরা ধরে নিয়ে কাভারে খেলব।এখন আর আগের মতো ও বল ঘোরায় না। ভাবতেই অবাক লাগে, এই মানুষটাই একসময় অফ স্টাম্পের অনেক বাইরে বল ফেলেও সেটি স্টাম্পে লাগাতে পারত। পরিবর্তনটা আসলে হয়েছে ও যখন বেশি বেশি দুসরা আর সোজা ডেলিভারি করা শুরু করল। এটাই ওর টার্ন কমিয়ে দিয়েছে। তবু বলছি, এখনো মাঠে নামার সময় আমি জোর দিয়ে বলতে পারি না, মুরালির বিপক্ষে আমি রান করবই। অন্য যেকোনো বোলারের বিপক্ষে আমি এটা বলতে পারি। অন্য যে কোনো বোলারের বিপক্ষে সেট হয়ে যাওয়ার পর আমি অনায়াসে খেলতে পারি। কিন্তু মুরালি নয়। আমি শূন্য রানে ব্যাট করছি, ১০ রানে কিংবা ১০০-তে সেট হয়ে—এসবে কিছুই যায় আসে না। মুরালি সব সময়ই একটা চ্যালেঞ্জ।আমার মনে হয় না কোনো বোলার তার বোলিংয়ের রহস্য কোনো ব্যাটসম্যানকে দেখাবে। আমাকে তো নয়ই। কিন্তু মুরালি সব সময়ই বন্ধুভাবাপন্ন। জানি না, স্রেফ মজা করার জন্য কিনা, তবে একবার ও আমাকে বলেই দিয়েছিল, ও আমাকে কখনো স্লো বল করে না। কারণ ওর আশঙ্কা, তা হলে আমি ওকে উড়িয়ে বাইরে ফেলব। এ কারণে সব সময় দ্রুত বল করত, যেন আমি মারার জন্য কিংবা ওর দুসরা বোঝার জন্য খুব বেশি সময় না পাই। ওর মুখে এ রকম মন্তব্য শুনে আমার ভালোই লেগেছে। ও জানে, আমি বোলারদের ওপর ছড়ি ঘোরাতে ভালোবাসি। কিন্তু একইভাবে সেও তো ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণ করতে জানে।কিশোর স্পিনাররা ওর কাছে প্রথম যে জিনিসটি শিখতে পারে, সেটি হলো বিনয়। ওর ধৈর্য ধরার গুণও বিস্ময়কর। ও একবার আমাকে বলেছিল, ৫ উইকেট পেতে ওকে কখনো-কখনো ৪০-৫০ ওভার পর্যন্ত বল করে যেতে হয়, কখনো আবার ১৫ ওভারের মধ্যেই সেটা আসে। সেরা পর্যায়ে নিজেকে তুলে নিতে চাইলে এই ধৈর্যের অনুশীলন করতেই হবে। মুরালির কাছ থেকে আমরা সবাই এই শিক্ষাটা নিতে পারি।আমার সৌভাগ্য, কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে ওর সঙ্গে একই দলে খেলার সুযোগ হয়েছিল। ওর সবচেয়ে বড় গুণ হলো ওর সাধারণত্ব। ও একেবারে মাটির মানুষ। ও যে সর্বকালের সর্বোচ্চ উইকেটের মালিক—এমনটা ওর আচার-ব্যবহারে কখনোই টের পাবেন না। ওর সঙ্গ সব সময়ই উপভোগ্য। মাঠে আমি তো কখনোই ওকে আগ্রাসী মনোভাব কিংবা চেঁচামেচি করতে দেখিনি। মুখে সব সময়ই হাসি, কঠোর পরিশ্রম। প্রতিপক্ষের খেলোয়াড়দের জন্যও আসলে ও একটা উজ্জ্বল উদাহরণ।